বিমানবন্দরের কমোডের ট্যাংকে সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসদৃশ পেস্ট | ছবি: সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়াশরুমের কমোডের ট্যাংক থেকে বিপুল পরিমাণ স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বিমানবন্দরের কাস্টমস হলের ১ নম্বর বেল্টসংলগ্ন ওয়াশরুমে অভিযান চালিয়ে এসব পেস্ট উদ্ধার করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওয়াশরুমের একটি হাই কমোডের ট্যাংকে তল্লাশি চালানো হয়। এ সময় সেখানে পলিথিনে মোড়ানো আটটি ডিমসদৃশ প্যাকেট দেখতে পাওয়া যায়। প্যাকেটগুলোর কোনো মালিক পাওয়া যায়নি। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে প্যাকেটগুলো উদ্ধার করে কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে খোলা হয়। প্যাকেটগুলো খুলে প্রাথমিকভাবে ৪ কেজি ২০৪ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট পাওয়া যায়। তবে উদ্ধার করা পেস্টে প্রকৃতপক্ষে কত পরিমাণ স্বর্ণ রয়েছে এবং এর বিশুদ্ধতা কত—তা এখনো নিশ্চিত করা হয়নি। এজন্য নিবন্ধিত স্বর্ণকারের মাধ্যমে পেস্ট থেকে স্বর্ণ পৃথক করার কার্যক্রম চলছে। পৃথকীকরণ শেষে প্রকৃত ওজন ও বিশুদ্ধতা নির্ধারণ করা হবে। কাস্টমস গোয়েন্দার প্রাথমিক হিসাবে উদ্ধার করা পেস্টে থাকা স্বর্ণের সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৭ কোটি ৫০ লাখ টাকা হতে পারে। এদিকে বিমানবন্দরের ওয়াশরুমের কমোডের ট্যাংকের ভেতর এত বিপুল পরিমাণ স্বর্ণসদৃশ পেস্ট কীভাবে রাখা হলো এবং এর সঙ্গে কারা জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের শনাক্ত করতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর পরবর্তী কার্যক্রম চালাবে বলে জানিয়েছে।