বাবার মৃত্যুর পর পেনশন চেয়ে হাইকোর্টে প্রতিবন্ধী ছেলে | ছবি: সংগৃহীত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের গুদাম রক্ষক হিসেবে অবসর নেওয়া প্রয়াত মো. হাবিবুর রহমানের পেনশন ও অন্যান্য প্রাপ্য সুবিধা তার প্রতিবন্ধী ছেলে মো. আশফাকুর রহমান শাওনকে কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার ২১ সেপ্টেম্বর বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। কৃষি মন্ত্রণালয়ের সচিব ও অর্থ মন্ত্রণালয়ের সচিবসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট আরও কর্মকর্তাসহ মোট আটজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. পারভেজ। তিনি জানান ময়মনসিংহ সদরের বাসিন্দা মো. হাবিবুর রহমান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গুদাম রক্ষক হিসেবে ২০১৬ সালের ২০ জানুয়ারি অবসর গ্রহণ করেন। এরপর বিধি অনুযায়ী তিনি পেনশনসহ অন্যান্য অবসরকালীন সুবিধা পেয়ে আসছিলেন। চলতি বছরের ৪ মার্চ তিনি মারা যান। এর আগেই তার স্ত্রীও মারা গিয়েছিলেন। মৃত্যুকালে হাবিবুর রহমান তিন মেয়ে ও এক ছেলে রেখে যান। তার একমাত্র ছেলে মো. আশফাকুর রহমান শাওন প্রতিবন্ধী। আইনজীবীর ভাষ্য অনুযায়ী হাবিবুর রহমানের মৃত্যুর পর তার অন্য উত্তরাধিকারীরা শাওনকে এককভাবে পেনশনভোগী হিসেবে মনোনীত করেন। এরপর বাবার পেনশনসহ অন্যান্য প্রাপ্য সুবিধা তার অনুকূলে মঞ্জুর করার জন্য গত ১৫ আগস্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেন তিনি। তবে ২৭ আগস্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক তৌফিক আহমদ খান ওই আবেদন নামঞ্জুর করেন। পরে সেই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ১৩ সেপ্টেম্বর হাইকোর্টে রিট আবেদন করেন শাওন। রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট জানতে চেয়েছেন মৃত হাবিবুর রহমানের পেনশনসহ প্রাপ্য সুবিধা তার প্রতিবন্ধী ছেলেকে দেওয়ার ক্ষেত্রে আইনগত কোনো বাধা রয়েছে কি না এবং আবেদন নামঞ্জুরের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না। সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।