সন্তানকে সম্পত্তি দিলেও জীবনভর ভোগদখলে থাকবেন বাবা-মা | ছবি: সংগৃহীত
সন্তানদের নামে সম্পত্তি হস্তান্তরের পরও বাবা-মা যেন জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগদখল করতে পারেন, এমন বিধান যুক্ত করে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এ তথ্য জানান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আইনমন্ত্রী বলেন, দেশে অধিকাংশ দেওয়ানি মামলা সম্পত্তির বণ্টন ও হিসাব-নিকাশ নিয়ে। তাই বিদ্যমান আইনে পরিবর্তন এনে ‘গিফট’ বা উপহারের ক্ষেত্রে ‘জীবনস্বত্ব’ বা ইউসুফ্রাক্ট রাইট যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। তিনি জানান, বর্তমানে বাবা-মা সন্তানদের নামে হেবা বা উপহার হিসেবে সম্পত্তি দিলে মালিকানা পুরোপুরি সন্তানের কাছে চলে যায়। ফলে অনেক ক্ষেত্রে বাবা-মা সন্তানদের ওপর নির্ভরশীল হয়ে পড়েন এবং অবহেলার শিকার হন। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, বাবা-মা সম্পত্তি সন্তানকে হস্তান্তর করলেও জীবিত থাকা পর্যন্ত নিজেরাই সেই সম্পত্তি ব্যবহার ও ভোগদখল করতে পারবেন। তবে সম্পত্তি বিক্রির ক্ষেত্রে উভয় পক্ষের সম্মতি প্রয়োজন হবে। এছাড়া চিকিৎসাসহ জরুরি প্রয়োজনে সম্পত্তি বিক্রিতে মতবিরোধ দেখা দিলে জেলা জজকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়ার পরিকল্পনার কথাও জানান আইনমন্ত্রী। সরকারের আশা, এই পরিবর্তন কার্যকর হলে সম্পত্তি-সংক্রান্ত বিরোধ ও দেওয়ানি মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমবে।