প্রকাশ: ... | ... | ...

সিফাতের জামিন আবেদন রোববার হয়নি, সোমবার আদালতে


সংযুক্ত ছবি

সিফাতের জামিন আবেদন রোববার হয়নি, সোমবার আদালতে | ছবি: সংগৃহীত

বিদ্যুৎ বিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ার পর গ্রেপ্তার হয়ে কাশিমপুর কারাগারে থাকা কলেজছাত্র মো. আব্দুল্লাহ সিফাত ওরফে বিল্লালের জামিন আবেদন রোববার করা সম্ভব হয়নি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় আগামীকাল সোমবার গাজীপুর আদালতে তার জামিন আবেদন করা হবে বলে জানিয়েছেন আইনজীবী। রোববার কারাগারে সিফাতের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা ও তার আইনজীবী অ্যাডভোকেট আলী নাসের খান। আইনজীবীর দাবি, প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষার পর মাত্র ১০ মিনিটের জন্য সিফাতের সঙ্গে সাক্ষাতের সুযোগ পান তিনি। এ সময় ওকালতনামায় সিফাতের স্বাক্ষর নেওয়া হয়। আইনজীবী জানান, সিফাত পরিবারের সদস্য ও দেশবাসীর প্রতি সালাম জানিয়েছেন। নিজের বক্তব্যের ভাষা প্রয়োগ নিয়ে তিনি বিব্রত হলেও বিদ্যুৎ বিল নিয়ে তার বক্তব্যকে যৌক্তিক ও গণতান্ত্রিক বলে মনে করছেন। কারাগারে তিনি মানসিকভাবে শক্ত আছেন বলেও জানান আইনজীবী। ওকালতনামার তথ্য অনুযায়ী, সিফাতের বিরুদ্ধে গাছা থানায় একটি মামলা রয়েছে। মামলায় তার নাম মো. আব্দুল্লাহ সিফাত ওরফে বিল্লাল এবং পিতা মো. সিকান্দার আলী উল্লেখ করা হয়েছে। আইনজীবী হিসেবে অ্যাডভোকেট আলী নাসের খান ও অ্যাডভোকেট আসাদুল্লাহ বাদলের নাম রয়েছে। এদিকে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর তদন্ত প্রতিবেদনে সিফাতদের বাড়ির তিনটি আবাসিক মিটারে জুলাই ও আগস্ট মাসে মোট ১০ হাজার ৬৮১ টাকা বিলের তথ্য পাওয়া গেছে। মে থেকে আগস্ট পর্যন্ত চার মাসে তিনটি মিটারে মোট ২ হাজার ৮০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল এসেছে ১৬ হাজার ২৭৩ টাকা। তদন্ত প্রতিবেদনে মিটার রিডিং ও বিল তৈরিতে কোনো অনিয়ম বা ত্রুটি পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে। সিফাতের গ্রেপ্তার ও মামলার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। জাতীয় নাগরিক পার্টি তাকে নিজেদের কর্মী দাবি করে মুক্তি ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে মামলার তদন্তে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা বলা হয়েছে। সিফাতের আইনজীবী জানিয়েছেন, সোমবার গাজীপুর আদালতে তার জামিনের আবেদন করা হবে।