স্বামী তৌফিক নেওয়াজের দাফন শেষে কারাগারে ফিরলেন দীপু মনি | ছবি: সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনির স্বামী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্বামীকে শেষ বিদায় জানাতে দীপু মনিকে প্রিজন ভ্যানে করে রাজধানীর বনানী কবরস্থানে নেওয়া হয়। সেখানে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের দাফন সম্পন্ন হয়। এরপর বৃহস্পতিবার বিকেল ৩টা ১৫ মিনিটে বনানী থেকে দীপু মনিকে বহনকারী প্রিজন ভ্যানটি মুন্সীগঞ্জ জেলা কারাগারের উদ্দেশ্যে রওনা হয়। প্রায় দুই ঘণ্টা ৪৩ মিনিট পর বিকেল ৫টা ৫৮ মিনিটে প্রিজন ভ্যানটি দীপু মনিকে নিয়ে মুন্সীগঞ্জ জেলা কারাগারে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির আইনজীবী মো. ফয়সাল হাসান এবং মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ। এর আগে বৃহস্পতিবার ভোর ৬টা ১৫ মিনিটে স্বামীর জানাজায় অংশ নেওয়ার জন্য দীপু মনিকে নিয়ে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় প্রিজন ভ্যান। জানা গেছে, দীপু মনির মেয়ে তনী দীপাভলী নেওয়াজ তার মায়ের প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক ১২ ঘণ্টার জন্য দীপু মনির প্যারোল মঞ্জুর করেন। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার প্যারোলের সময় নির্ধারণ করা হয়। প্যারোলে মুক্তির পর দীপু মনি স্বামীর জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেন। নির্ধারিত সময়ের মধ্যে এসব কার্যক্রম শেষে তাকে আবার মুন্সীগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়। এভাবেই স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজকে শেষ বিদায় জানিয়ে ফের কারাগারে ফিরলেন সাবেক মন্ত্রী দীপু মনি।