প্রকাশ: ... | ... | ...

৩ আসামির ৫ দিনের রিমান্ড


সংযুক্ত ছবি

৩ আসামির ৫ দিনের রিমান্ড | ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরে অটোরিকশা থেকে ফেলে বগুড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিলা পারভীনকে হত্যার মামলায় গ্রেপ্তার তিন আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদ শুনানি শেষে প্রত্যেক আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে যাওয়া তিন আসামি হলেন—মো. পনি ওরফে প্যারা পনি, সেড্রিক জুলিয়ান এবং মো. রাকিব হোসেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক মো. শাহিন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। ঘটনায় জড়িত মূল হোতাদের শনাক্ত এবং মামলার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। তবে আসামিপক্ষ রিমান্ড বাতিলের আবেদন করে। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে। শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। গত ২৯ আগস্ট ভোরে স্বামী মো. আবদুল মতিনের সঙ্গে চোখের চিকিৎসকের কাছে যাওয়ার জন্য অটোরিকশায় করে মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে যাচ্ছিলেন তিনি। ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেটসংলগ্ন সড়কে মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা তার হাতে থাকা ব্যাগ ধরে টান দেন। এ সময় চলন্ত অটোরিকশা থেকে রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান রনজিলা পারভীন। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় হত্যা ও ছিনতাইয়ের অভিযোগে মামলা করেন। মামলার তদন্তে রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে র‍্যাব-২। র‍্যাবের দাবি, তাদের কাছ থেকে ছিনতাই করা স্মার্টফোন, নগদ টাকা এবং ঘটনায় ব্যবহৃত ইয়ামাহা মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং হত্যার পেছনের পুরো ঘটনা উদ্‌ঘাটনে এখন রিমান্ডে আসামিদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।