ওআইসির নতুন মহাসচিব মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ | ছবি: সংগৃহীত
ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন মৌরিতানিয়ার প্রবীণ কূটনীতিক ইসমাইল উলদ শেখ আহমেদ। বৃহস্পতিবার ওআইসির ৫৭ সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা তাকে সংস্থাটির মহাসচিব নির্বাচিত করেন। তিনি বর্তমান মহাসচিব চাদের হুসেইন ইব্রাহিম তাহার স্থলাভিষিক্ত হবেন। ২০২১ সালের নভেম্বরে দায়িত্ব নেওয়া তাহার মেয়াদ চলতি বছরের নভেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে। ইসমাইল উলদ শেখ আহমেদ আন্তর্জাতিক অঙ্গনে তিন দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন কূটনীতিক। জাতিসংঘে দায়িত্ব পালনের পাশাপাশি মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন জটিল রাজনৈতিক ও নিরাপত্তা সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। ওআইসির সনদ অনুযায়ী, মহাসচিবের মেয়াদ পাঁচ বছর। প্রয়োজনে একবার মেয়াদ নবায়নের সুযোগ রয়েছে। সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদ মহাসচিব নির্বাচন করে। এ ক্ষেত্রে প্রার্থীর দক্ষতা, সততা ও অভিজ্ঞতার পাশাপাশি ভৌগোলিক ভারসাম্য, পালাক্রমে দায়িত্ব প্রদান ও সমান সুযোগের বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়। ওআইসির সনদে মহাসচিবের পদ আরব, আফ্রিকান ও এশীয় দেশগুলোর মধ্যে নির্দিষ্ট কোনো ক্রমে বণ্টনের বিধান নেই। বরং নির্বাচন প্রক্রিয়ায় ভৌগোলিক ন্যায্যতা ও পালাক্রমের নীতি অনুসরণ করা হয়। ইসমাইল উলদ শেখ আহমেদের প্রার্থিতা আগেই আফ্রিকা মহাদেশের সমর্থন পেয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে আফ্রিকান ইউনিয়ন ২০২৭ থেকে ২০৩২ মেয়াদের জন্য তার প্রার্থিতার প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানায়। তার নির্বাচনের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়াজুড়ে বিস্তৃত বিশ্বের অন্যতম বৃহৎ আন্তঃসরকারি সংস্থা ওআইসির নেতৃত্বে এবার একজন মৌরিতানীয় কূটনীতিক আসছেন। মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের অভিন্ন স্বার্থ, আঞ্চলিক সংকট এবং আন্তর্জাতিক অঙ্গনে মুসলিম দেশগুলোর সহযোগিতা জোরদারে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।