ছয় বছরের সেরা প্রবৃদ্ধির পথে ভারতের শেয়ারবাজার | ছবি: সংগৃহীত
ভারতের শেয়ারবাজারে রেকর্ড পরিমাণ বিদেশি বিনিয়োগ এসেছে চলতি নভেম্বরে। এক মাসে এখন পর্যন্ত দেশটির শেয়ারবাজারে ৯৫৩ কোটি ডলারের শেয়ার কিনেছেন বিদেশি বিনিয়োগকারীরা। এক মাসে বিদেশি বিনিয়োগের হিসাবে এটি নতুন রেকর্ড। এতে ছয় বছরের মধ্যে সবচেয়ে ভালো মাসিক প্রবৃদ্ধির পথে রয়েছে ভারতের প্রধান দুই শেয়ারসূচক। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি তেলের দাম কমে আসা, কোম্পানিগুলোর আয় পরিস্থিতির উন্নতি এবং বৈশ্বিক বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর শেয়ার থেকে বিনিয়োগ সরিয়ে নেওয়ার কারণে ভারতের বাজারে বিদেশি বিনিয়োগ বেড়েছে। নভেম্বরে এখন পর্যন্ত ভারতের নিফটি ৫০ সূচক বেড়েছে ৯ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে সেনসেক্স সূচক বেড়েছে ১০ দশমিক ৩ শতাংশ। গত ছয় বছরের মধ্যে এটিই হতে যাচ্ছে সূচক দুটির অন্যতম সেরা মাসিক প্রবৃদ্ধি। ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেডের তথ্য অনুযায়ী, গত সোমবার পর্যন্ত চলতি মাসে ভারতের শেয়ার ও বন্ডবাজারে মোট ১ হাজার ৩৩ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে। এর মধ্যে শুধু শেয়ারবাজারেই এসেছে ৯৫৩ কোটি ডলার। এর আগে ২০২৫ সালে ভারতের শেয়ারবাজার থেকে ১ হাজার ৮৯১ কোটি ডলারের শেয়ার বিক্রি করে অর্থ তুলে নিয়েছিলেন বিদেশি বিনিয়োগকারীরা। চলতি বছরের অক্টোবর পর্যন্ত আরও ৩ হাজার ১৪১ কোটি ডলারের শেয়ার বিক্রি করেন তারা। তবে নভেম্বরে রেকর্ড বিনিয়োগের ফলে চলতি বছরে নিট বিক্রির পরিমাণ কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৮ কোটি ডলারে। এদিকে ব্যাংক ও আর্থিক খাতের শেয়ারে বড় উত্থান দেখা গেছে। নভেম্বরে এ খাতের বিভিন্ন সূচক বেড়েছে ১১ দশমিক ৫ থেকে ১৩ দশমিক ৫ শতাংশ পর্যন্ত। এইচডিএফসি ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে ১৭ দশমিক ৯ শতাংশ এবং আইসিআইসিআই ব্যাংকের বেড়েছে ১৩ দশমিক ৪ শতাংশ। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। বিশেষ করে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার শেয়ারের দাম বেড়েছে ১৭ দশমিক ৬ শতাংশ। তবে বিশ্লেষকদের সতর্কবার্তা, এই প্রবৃদ্ধি ধরে রাখতে হলে কোম্পানিগুলোর আয় ধারাবাহিকভাবে বাড়াতে হবে। কারণ ভারতের শেয়ারবাজারে শেয়ারের মূল্যায়ন এখনো এশিয়ার অনেক দেশের তুলনায় বেশি।