প্রকাশ: ... | ... | ...

জাতিসংঘে বিশ্ব নারী নেতৃবৃন্দের সভায় ডা. জুবাইদা রহমান


সংযুক্ত ছবি

জাতিসংঘে বিশ্ব নারী নেতৃবৃন্দের সভায় ডা. জুবাইদা রহমান | ছবি: সংগৃহীত

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বিশ্ব নারী নেতৃবৃন্দের বার্ষিক উচ্চপর্যায়ের সভায় অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। বুধবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বিশেষ এই সভায় বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নারী কূটনীতিক ও রাষ্ট্রনেতাদের সঙ্গে অংশ নেন তিনি। নারীর ক্ষমতায়ন, সমঅধিকার এবং নেতৃত্ব আরও জোরদারের অঙ্গীকার নিয়ে সভাটির আয়োজন করা হয়। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান ও জাতিসংঘ উইমেনের যৌথ উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় মূল বক্তব্য দেন জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল ও জাতিসংঘ উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউস। তিনি বলেন, শান্তি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নীতি নির্ধারণের প্রতিটি পর্যায়ে নারীর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সিমা বাহাউসের বক্তব্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে প্রতি সাতটি দেশের মধ্যে মাত্র একটি দেশের নেতৃত্বে রয়েছেন একজন নারী। বর্তমান অগ্রগতির ধারা অব্যাহত থাকলে পূর্ণাঙ্গ লিঙ্গ সমতা অর্জনে আরও ১৭১ বছর সময় লাগতে পারে বলেও তিনি উল্লেখ করেন। এই দীর্ঘ অপেক্ষার অবসানে ২০৩০ সালের মধ্যে কার্যক্রম আরও দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয় সভায়। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির নকশা ও উন্নয়নে নারীদের নেতৃত্ব বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে একজন নারীকে নির্বাচনের বিষয়েও সভায় সমর্থন জানানো হয়। ডা. জুবাইদা রহমান ছাড়াও সভায় অংশ নেন ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর প্রধানমন্ত্রী জুডিথ সুমিনওয়া তুলুকা এবং ক্রোয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার-কিতারোভিচসহ বিভিন্ন দেশের শীর্ষ পর্যায়ের নারী কূটনীতিক ও নেতৃবৃন্দ।