প্রকাশ: ... | ... | ...

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫ সেনা সদস্য


সংযুক্ত ছবি

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫ সেনা সদস্য | ছবি: Collected

তুরস্কে আবারও সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার প্রশিক্ষণ উড্ডয়নের সময় ঘটে এ দুর্ঘটনা। এর মাত্র ১২ দিন আগেও দেশটিতে একই ধরনের আরেকটি দুর্ঘটনায় প্রাণ হারান চার সেনা সদস্য। পরপর দুই দুর্ঘটনায় ১২ দিনে প্রাণ গেল মোট ৯ সেনার। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার প্রশিক্ষণ মিশনে অংশ নেওয়ার সময় দেশটির বিমানবাহিনীর একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে পাঁচ সেনা সদস্য নিহত হন। দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি ছিল ফ্রান্সে নির্মিত এএস-৫৩২ কুগার মডেলের। এটি মূলত সেনা পরিবহনের কাজে ব্যবহৃত হয়। হেলিকপ্টারটি ইস্তাম্বুল ও আঙ্কারার মধ্যবর্তী এসকিশেহির এলাকার একটি সামরিক ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। দুর্ঘটনার পর টেলিভিশনে প্রচারিত ছবিতে তেপেবাসি জেলার কাছে একটি বিস্তীর্ণ খোলা মাঠে উদ্ধারকারী যানবাহনের উপস্থিতি দেখা যায়। এর আগে গত ১২ নভেম্বর পূর্ব তুরস্কে আরেকটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এস-৭০ মডেলের ওই হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন চার সেনা সদস্য। তবে আগের দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। উল্লেখ্য, ন্যাটো জোটের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক শক্তি তুরস্ক। জোটটির সদস্য দেশগুলোর মধ্যে দেশটির সেনাবাহিনী দ্বিতীয় বৃহত্তম। পরপর দুটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির সামরিক উড্ডয়ন নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। তবে সর্বশেষ দুর্ঘটনার কারণ জানতে তদন্তের ফলাফলের অপেক্ষা করা হচ্ছে। ১২ দিনের ব্যবধানে দুই সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন তুরস্কের ৯ সেনা সদস্য।