নেতানিয়াহুকে এড়িয়ে নতুন জোটের পথে ইউটিজে | ছবি: Collected
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ এড়িয়ে বিরোধী নেতা গাদি আইজেনকোটের জোটের সঙ্গে সরকার গঠনের আলোচনায় এগোচ্ছে ইউনাইটেড তোরাহ জুডাইজম—ইউটিজে। ইসরায়েলি সংবাদমাধ্যমের খবর, নেতানিয়াহু দুইবার যোগাযোগের চেষ্টা করেও দলটির নেতাদের সাড়া পাননি। এতে দেশটির রাজনীতিতে নতুন সমীকরণের আভাস দেখা যাচ্ছে। টাইমস অব ইসরায়েল ও চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, ইউটিজের সংসদ সদস্য মেইর পোরুশ ও এলিয়াকিম স্টার্ককে এতদিন নেতানিয়াহুর ডানপন্থি জোটের ঘনিষ্ঠ হিসেবে বিবেচনা করা হতো। তবে সাম্প্রতিক সময়ে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়েছে। এমনকি পোরুশের কার্যালয়ের কর্মীরাও নেতানিয়াহুর সঙ্গে তার যোগাযোগ করিয়ে দিতে পারেননি। একইভাবে স্টার্কের সঙ্গেও যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি। অন্যদিকে, বিরোধী নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার জোটের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সরকার গঠন নিয়ে আলোচনার অনুমতি পেতে ইউটিজের আইনপ্রণেতারা দলটির আধ্যাত্মিক নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। দলটির এক জ্যেষ্ঠ সূত্রের দাবি, আইজেনকোটের পক্ষের সঙ্গে আলোচনা প্রত্যাশার চেয়েও বেশি এগিয়েছে। তবে এখনো কোনো চূড়ান্ত আইনি কাঠামো তৈরি হয়নি। আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে অতি-রক্ষণশীল ইহুদি পুরুষদের বাধ্যতামূলক সামরিক নিয়োগ। প্রস্তাবিত কাঠামোয় সামরিক বাহিনীতে নিয়োগের কোটা পুরোপুরি বাতিলের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এতে ইয়েশিভা বা ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত অতি-রক্ষণশীল ইহুদি পুরুষদের সামরিক বাহিনীতে যোগদানের ক্ষেত্রে আগের মতো ছাড় বহাল থাকতে পারে। তবে আদালতে টেকসই হবে এমন আইনি কাঠামো তৈরি করাই এখন আলোচনার বড় চ্যালেঞ্জ। সব মিলিয়ে ইউটিজের অবস্থান ঘিরে ইসরায়েলের রাজনীতিতে নতুন মেরুকরণের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে নেতানিয়াহুর বিকল্প সরকার গঠনের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি।