প্রকাশ্যে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি | ছবি: সংগৃহীত
ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌয়ে প্রকাশ্য দিবালোকে একই পরিবারের তিন সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর সিসিটিভি ভিডিও প্রকাশ্যে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাত্র ২২ সেকেন্ডের মধ্যে পথচারীদের সামনেই একে একে পাঁচ রাউন্ড গুলি ছোড়েন অভিযুক্ত ব্যক্তি। বৃহস্পতিবার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় আসে আলোচিত এই ট্রিপল মার্ডারের ঘটনা। ভাইরাল ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত ৩০ বছর বয়সী শুক্লা প্রথমে পরপর দুটি গুলি ছোড়েন। এরপর পিস্তলটি পুনরায় লোড করে আরও তিন রাউন্ড গুলি চালান। গুলি চালানোর পর তাকে বলতে শোনা যায়, ‘আমাকে ইট দিয়ে মেরেছে, তাই আমি গুলি চালিয়েছি।’ পুলিশ ঘটনাস্থল থেকেই অভিযুক্তকে আটক করে। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল ও চারটি গুলির খালি খোসা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গত ২৬ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্ণৌয়ের সাদাতগঞ্জ এলাকায় গাড়ি পার্কিং নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে গুলি চালান মার্চেন্ট নেভির সাবেক নেভিগেশন কর্মকর্তা শুক্লা। এতে গুলিবিদ্ধ হন একই পরিবারের তিন সদস্য শিবাজি তিওয়ারি (৬২), শিবেন্দ্র তিওয়ারি (৫৫) ও সুয়াশ তিওয়ারি (৩০)। পরে তাদের কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটির ট্রমা সেন্টারে নেওয়া হলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত শিবেন্দ্র তিওয়ারির স্ত্রী রুচি তিওয়ারির অভিযোগের ভিত্তিতে হত্যা ও দাঙ্গা সৃষ্টির অভিযোগে মামলা হয়েছে। মামলায় মূল অভিযুক্ত শুক্লাসহ মোট আটজনকে আসামি করা হয়েছে। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সাদাতগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার আর্য এবং কাশ্মীরি মহল্লা ফাঁড়ির ইনচার্জ অজয় কুমার চৌরাসিয়াকে বরখাস্ত করেছে পুলিশ। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নিহতদের একজন লক্ষ্ণৌতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জেলা পর্যায়ের পদাধিকারী ছিলেন। এ ঘটনায় এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বিজেপি নেতা ও আরএসএসের শীর্ষ ব্যক্তিরা নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দেন।