প্রশ্নপত্র ফাঁস বিতর্কে চাপে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান | ছবি: সংগৃহীত
ভারতে জাতীয় স্তরের বিভিন্ন পরীক্ষায় অনিয়ম ও মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ব্যাপক আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। এর আগে তৃতীয় দফার বৈঠকের কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন তিনি। দিল্লির যন্তর মন্তরে এক মাসের বেশি সময় ধরে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে চলা শিক্ষার্থী আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। শনিবার সকালে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেয়, শিক্ষামন্ত্রীকে অপসারণ করা না হলে তারা সরকারের সঙ্গে কোনো আলোচনায় বসবে না। আন্দোলনকারীদের তিনটি প্রধান দাবির মধ্যে ছিল— শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ। এর আগে কেন্দ্রীয় সরকার আন্দোলনকারীদের দুটি দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে কোনো অবস্থান জানায়নি। পদত্যাগের ঘোষণা দিয়ে ধর্মেন্দ্র প্রধান বলেন, দেশের তরুণদের আকাঙ্ক্ষা ও ন্যায্য প্রত্যাশার প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশসেবার সুযোগ দেওয়ার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর যন্তর মন্তরের আন্দোলনস্থলে উল্লাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ থেকে শুরু হওয়া এই আন্দোলন ভারতের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে এবং তা দেশটির রাজনীতির অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়। বিরোধী দলগুলোর সমর্থনের কারণে সরকারের ওপর চাপ আরও বেড়ে যায়।