ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে ভয়াবহ আগুন | ছবি: সংগৃহীত
ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের কাছে যাত্রীবাহী একটি জাহাজে ভয়াবহ আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো ৮ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু। ফিলিপাইন কোস্ট গার্ড জানিয়েছে, এমভি জুন অ্যাস্টার নামের জাহাজটিতে মোট ১২৮ জন ছিলেন। শুরুতে যাত্রী তালিকায় ১৩২ জনের নাম থাকলেও যাচাইয়ের পর দেখা যায়, তাদের মধ্যে চারজন জাহাজে ওঠেননি। ফিলিপাইন কোস্ট গার্ডের মুখপাত্র কমোডর নোমি কায়াবিয়াব জানিয়েছেন, দুর্ঘটনার পর ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে জাহাজের টিকিট ও যাত্রী তালিকায় থাকা প্রত্যেক ব্যক্তির তথ্য যাচাই ও মিলিয়ে দেখার কাজ এখনো চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। এমভি জুন অ্যাস্টার গত ৯ সেপ্টেম্বর ম্যানিলা থেকে যাত্রা শুরু করে। পরে দক্ষিণ-পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের করোনের কাছে সমুদ্রসীমায় জাহাজটিতে আগুন লাগে। আগুন লাগার পর যাত্রীদের উদ্ধারে অভিযান শুরু করে ফিলিপাইন কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থাগুলো। দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বাড়তে থাকায় স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নিখোঁজ আটজনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এদিকে দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জাহাজটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের অপেক্ষা করা হচ্ছে।