প্রকাশ: ... | ... | ...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা নীতি বাতিল করল মার্কিন আদালত


সংযুক্ত ছবি

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা নীতি বাতিল করল মার্কিন আদালত | ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করে বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। ম্যানহাটনের ডিস্ট্রিক্ট জজ জ্যানেট ভার্গাস শুক্রবার দেওয়া রায়ে বলেন, এই নীতি ‘স্পষ্টতই বেআইনি’। আদালতের মতে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছেন। আদালত বলেছে, শুধু কোনো ব্যক্তির জাতীয়তার ওপর ভিত্তি করে একটি নির্দিষ্ট শ্রেণির অভিবাসী ভিসা পুরোপুরি বন্ধ করে দেওয়া যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের সঙ্গে সাংঘর্ষিক। একই সঙ্গে কনস্যুলার কর্মকর্তাদের ভিসা প্রক্রিয়াকরণের ওপর পররাষ্ট্রমন্ত্রীর কর্তৃত্বও আইন দ্বারা নির্ধারিত সীমার মধ্যে রয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই নীতির আওতায় বাংলাদেশ ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ এবং লাতিন আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, বলকান ও ক্যারিবীয় অঞ্চলের বহু দেশের নাগরিকরা ভিসা প্রক্রিয়ায় বাধার মুখে পড়েন। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, এসব দেশের অভিবাসনপ্রত্যাশীদের যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি। এই যুক্তিতে তাদের অভিবাসী ভিসা স্থগিত রাখা হয়েছিল। তবে অভিবাসী অধিকার সংগঠনগুলো শুরু থেকেই নীতিটির বিরোধিতা করে আসছিল। তাদের অভিযোগ, এতে বৈষম্য ও ন্যায়বিচারের অধিকার লঙ্ঘনের আশঙ্কা তৈরি হয়েছে। অভিবাসী অধিকার সংগঠন ও সংশ্লিষ্ট আবেদনকারীদের করা মামলার পরিপ্রেক্ষিতে আদালতের এই রায় এলো। তবে রায়ের বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এই রায় কার্যকরভাবে বাংলাদেশসহ তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের অভিবাসী ভিসা প্রক্রিয়ায় ট্রাম্প প্রশাসনের আরোপ করা ওই ব্যাপক স্থগিতাদেশের বিরুদ্ধে বড় ধরনের আইনি বাধা তৈরি করেছে।