বেলজিয়ামে তীব্র তাপদাহে প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু | ছবি: সংগৃহীত
চলতি বছরের জুন থেকে এখন পর্যন্ত তীব্র তাপদাহে ইউরোপের দেশ বেলজিয়ামে প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে। দেশটির জনস্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান সিয়েনসানোর সংশোধিত তথ্য অনুযায়ী, চলতি বছরের গ্রীষ্মকালকে ইতিহাসের উষ্ণতম সময় হিসেবে রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার ফরাসিভাষী সরকারি সম্প্রচারমাধ্যম আরটিবিএফের প্রতিবেদনে বলা হয়, গ্রীষ্মের দ্বিতীয় ও তৃতীয় তাপপ্রবাহে নতুন করে ৯০০ জনের মৃত্যু হয়েছে। এতে এ মৌসুমে তাপপ্রবাহজনিত অতিরিক্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৩৫ জনে। ৪ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত স্থায়ী দ্বিতীয় তাপপ্রবাহে ৫৩৫ জনের অতিরিক্ত মৃত্যু হয়। এ সময় স্বাভাবিকের তুলনায় মৃত্যুহার ছিল ১৪ দশমিক ৮ শতাংশ বেশি। সবচেয়ে বেশি অতিরিক্ত মৃত্যু হয়েছে ফ্ল্যান্ডার্সে ৩১০ জনের। ওয়ালোনিয়ায় ১৯৮ এবং ব্রাসেলসে ৪২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ২৮ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত স্থায়ী তৃতীয় তাপপ্রবাহে ৩৬৫ জনের অতিরিক্ত মৃত্যু রেকর্ড করেছে সিয়েনসানো। তবে এ সময়ের অতিরিক্ত মৃত্যুহারকে প্রতিষ্ঠানটি ‘সামান্য’ হিসেবে উল্লেখ করেছে। সিয়েনসানোর তথ্য অনুযায়ী, গ্রীষ্মের সবচেয়ে প্রাণঘাতী দিন ছিল ২৭ জুন। ওই দিন ৬৪১ জনের মৃত্যু হয়, যা স্বাভাবিকের তুলনায় ১৪৬ দশমিক ৫ শতাংশ বেশি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাপপ্রবাহের প্রভাব শুধু বয়স্কদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। ৬৫ বছরের কম বয়সীদের মধ্যেও উল্লেখযোগ্য অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে। দীর্ঘসময় তীব্র তাপমাত্রা বিরাজ করা, তাপমাত্রার মাত্রা বৃদ্ধি এবং ওজোন দূষণ বেড়ে যাওয়াকে উচ্চ মৃত্যুহারের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে সিয়েনসানো। এদিকে ২৮ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত তৃতীয় তাপপ্রবাহের সময় বেলজিয়ামে আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলও শুরু হয়েছিল বলে জানিয়েছে এএফপি।