মক্কার ক্লক টাওয়ারের নতুন দুই বিশ্বরেকর্ড | ছবি: সংগৃহীত
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার বিখ্যাত ক্লক টাওয়ার অর্জন করেছে নতুন দুটি বিশ্বরেকর্ড। বিশ্বের সর্বোচ্চ ভবনভিত্তিক জাদুঘর এবং সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। মক্কা নগরী ও পবিত্র স্থানগুলোর উন্নয়নবিষয়ক রয়্যাল কমিশন গত মঙ্গলবার এ ঘোষণা দেয়। নতুন স্বীকৃতির ফলে ক্লক টাওয়ারটির গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত পাঁচটিতে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি অনুযায়ী, মাটি থেকে ৪২৬ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত ক্লক টাওয়ার মিউজিয়াম। এটি বিশ্বের কোনো ভবনের ভেতরে অবস্থিত সর্বোচ্চ জাদুঘর। অন্যদিকে, টাওয়ারটির উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের অবস্থান মাটি থেকে ৫৬০ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায়। এটিও বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ ডেক হিসেবে স্বীকৃতি পেয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই দুটি রেকর্ড অর্জিত হয়। তবে সৌদি কর্তৃপক্ষ গত ১৭ নভেম্বর এ স্বীকৃতির ঘোষণা দেয়। মক্কা ক্লক টাওয়ার কমপ্লেক্সটি ইসলামের পবিত্রতম স্থান মসজিদুল হারামের পাশেই অবস্থিত। এখান থেকে পবিত্র কাবা শরিফ ও মসজিদুল হারামের মনোরম দৃশ্য দেখা যায়। রয়্যাল কমিশন জানিয়েছে, এ অর্জন মক্কার স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার প্রচেষ্টার অংশ। পাশাপাশি নগরীর বাসিন্দা ও দর্শনার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং প্রতিবছর মক্কায় আসা লাখ লাখ হজ ও ওমরাহযাত্রীর অভিজ্ঞতা আরও উন্নত করাও তাদের লক্ষ্য। ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বের পাশাপাশি আধুনিক স্থাপত্যের অনন্য নিদর্শন হিসেবে মক্কা ক্লক টাওয়ারের আন্তর্জাতিক পরিচিতি আরও বাড়াবে এই নতুন স্বীকৃতি।