মাগা প্যাক থেকে বিজ্ঞাপনের খরচ দেওয়ার ঘোষণা ট্রাম্প | ছবি: সংগৃহীত
নির্বাচনী প্রচারণার ধাঁচে তৈরি টেলিভিশন বিজ্ঞাপনে নিজের উপস্থিতি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের বিজ্ঞাপনের জন্য আর সরকারি অর্থ ব্যবহার করা হবে না। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বিজ্ঞাপনগুলোর পক্ষে সাফাই গেয়ে বলেন, তিনি এগুলোকে যুক্তরাষ্ট্রের জন্য ইতিবাচক প্রচার হিসেবে দেখেন। তবে এখন থেকে এসব বিজ্ঞাপনের ব্যয় তিনি নিজে অথবা তাঁর রাজনৈতিক তহবিল ‘মাগা ইনকরপোরেটেড’ বহন করবে। যুক্তরাষ্ট্রের নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে জাতীয় পর্যায়ে প্রচারিত তিনটি বিজ্ঞাপনের পেছনে ফেডারেল তহবিল থেকে অন্তত ১৫ লাখ ডলার ব্যয় করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞাপনগুলোর একটিতে ট্রাম্পকে বলতে দেখা যায়, ‘আমেরিকা কখনোই একটি কমিউনিস্ট দেশ হবে না।’ একই বিজ্ঞাপনে সমবেত কণ্ঠে বারবার ‘লাভ মি’ বা ‘আমাকে ভালোবাসো’ কথাটি শোনা যায়। অন্য একটি বিজ্ঞাপনে মাউন্ট রাশমোরের দৃশ্যের সঙ্গে ট্রাম্পের ‘আমেরিকার স্বর্ণযুগ’ নিয়ে বক্তব্য যুক্ত করা হয়েছে। বিজ্ঞাপনগুলোর শেষে দেওয়া দাবিত্যাগে বলা হয়, এগুলোর খরচ মার্কিন সরকার বহন করেছে। বিষয়টি নিয়ে নৈতিকতা বিশেষজ্ঞ এবং উভয় দলের আইনপ্রণেতারা সমালোচনা করে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। ডেমোক্র্যাটিক আইনপ্রণেতাদের অভিযোগ, বিজ্ঞাপন প্রচারের জন্য হোয়াইট হাউস হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের তহবিল থেকে ২ কোটি ডলার স্থানান্তর করেছিল। তাঁদের দাবি, একটি বিজ্ঞাপন ২০২৪ সালের ট্রাম্পের নির্বাচনী প্রচারণার বিজ্ঞাপনের সঙ্গে হুবহু সাদৃশ্যপূর্ণ। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টাও বিষয়টিকে সরকারি অর্থের ব্যাপক অপব্যবহার ও জনগণের আস্থার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। তবে ট্রাম্পের মনোনীত ফেডারেল কমিউনিকেশনস কমিশনের চেয়ারম্যান ব্রেন্ডন কার বিজ্ঞাপনগুলো যথাযথ ছিল বলে মন্তব্য করেছেন এবং তদন্তের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। সমালোচনা ও তদন্তের দাবির মধ্যেই ট্রাম্পের নতুন ঘোষণা এসেছে। ফলে ভবিষ্যতে তাঁর রাজনৈতিক বার্তাধর্মী বিজ্ঞাপনের অর্থায়ন সরকারি তহবিলের পরিবর্তে ব্যক্তিগত ও রাজনৈতিক তহবিল থেকে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।