শিরোনাম

মক্কা লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মক্কা লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার চেষ্টা ছবি: সংগৃহীত
মক্কা লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার চেষ্টা ছবি: সংগৃহীত

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠীর ছোড়া একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি শনাক্ত করে। নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই সেটি ধ্বংস করা হয়।

জোটের দাবি, পরে ড্রোনটির ধ্বংসাবশেষ মক্কার দক্ষিণাঞ্চলে গিয়ে পড়ে। তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য জানানো হয়নি। তুর্কি আল-মালিকি আরও দাবি করেছেন, মক্কাকে লক্ষ্য করে হুথিদের এটি দ্বিতীয় হামলার চেষ্টা। এর আগে ২০১৭ সালের ২৭ জুলাই মক্কার দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগও রয়েছে হুথিদের বিরুদ্ধে।

জোটের মুখপাত্র বলেন, দুই পবিত্র মসজিদ এবং সেখানে আসা মুসল্লিদের নিরাপত্তা তাদের জন্য ‘রেড লাইন’। ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় খামিস মুশাইত, আবহা ও তায়েফে ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এসব হামলায় সাতটি বাড়ি এবং দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়।

এদিকে কয়েক বছর তুলনামূলক শান্ত থাকার পর গত জুলাইয়ের শুরু থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী এবং হুথিদের মধ্যে সংঘাত আবারও বেড়েছে।

২০১৪ সালে হুথিরা রাজধানী সানা ও দেশের কয়েকটি অঞ্চল দখলে নেওয়ার পর ইয়েমেনে সংঘাত শুরু হয়। পরের বছর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ করে। নতুন করে সংঘাত বাড়ার প্রেক্ষাপটে মক্কা ও সৌদি আরবের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগ তৈরি হয়েছে।

বিষয়:

ড্রোন মক্কা
এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL