কৃষ্ণ সাগরে তুরস্কের মালিকানাধীন ‘রোয়াদ মামাদভ’ নামের একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলায় জাহাজটির ক্যাপ্টেন নিহত হয়েছেন এবং আরও একজন নাবিক নিখোঁজ রয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর আজারবাইজান ও ভারতের নাগরিকসহ ১১ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলার নিন্দা জানিয়েছেন।
তুরস্কের মালিকানাধীন জাহাজটি ইউক্রেনের ইজমাইল বন্দর থেকে ভুট্টা নিয়ে ইতালির উদ্দেশে যাচ্ছিল। রোমানিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বা নিরপেক্ষ জলসীমায় জাহাজটিতে ড্রোন আঘাত হানার পর জরুরি উদ্ধার অভিযান শুরু করা হয়। ড্রোন হামলার পর জাহাজটিতে তীব্র আগুন ধরে যায় এবং একপর্যায়ে এটি ধীরে ধীরে ডুবে যেতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্ত ক্রু সদস্যদের উদ্ধারে দ্রুত উদ্ধারকারী দল পাঠানো হয়।
এদিকে, ‘রোয়াদ মামাদভ’ জাহাজে হামলার বিষয়ে রাশিয়া সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে কৃষ্ণ সাগরে দুটি পণ্যবাহী জাহাজে হামলার কথা জানিয়েছিল। মস্কোর দাবি, কৃষ্ণ সাগরে রাশিয়ার তেল শোধনাগার ও বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবেই ইউক্রেনের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানো হচ্ছে।