দাবদাহে ইউরোপজুড়ে ভয়াবহ দাবানল | ছবি: সংগৃহীত
প্রচণ্ড দাবদাহ ও দীর্ঘস্থায়ী খরায় ইউরোপের বিভিন্ন দেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে হাজার হাজার অগ্নিনির্বাপণকর্মী কাজ করলেও পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। ইতোমধ্যে ফ্রান্স, জার্মানি, স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশের হাজারো বাসিন্দা ও পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লান্দেস বিভাগের লুগলোঁ শহরের আশপাশ থেকে নতুন করে অন্তত ১০০ জন বাসিন্দা ও পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার শুরু হওয়া আগুনে ইতোমধ্যে প্রায় ১ হাজার ৫৮০ হেক্টর এলাকা পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে প্রায় ৫৫০ জন অগ্নিনির্বাপণকর্মী কাজ করছেন। পাশাপাশি আকাশপথেও আগুন নেভানোর কার্যক্রম চালানো হচ্ছে। জার্মানির ইফেল অঞ্চলেও দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। হুরটগেনওয়াল্ড এলাকা থেকে অন্তত ১ হাজার ৮০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় ১৪০টি ফায়ার ব্রিগেডের দল আগুন নিয়ন্ত্রণে দিনরাত কাজ করছে। বেলজিয়ামের ফাগনেস প্রাকৃতিক উদ্যানেও দাবানল ছড়িয়ে পড়েছে। সেখানে প্রায় ১৬ বর্গকিলোমিটার বনভূমি পুড়ে গেছে। স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় আরাগন অঞ্চলে দাবানলে ১৫ হাজার হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে এবং প্রায় এক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে অগ্নিনির্বাপণকর্মীরা আগুনকে বসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়া থেকে ঠেকাতে সক্ষম হয়েছেন। আবহাওয়ার পূর্বাভাসে ওই অঞ্চলে তাপমাত্রা কমার পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। গ্রিসেও তীব্র বাতাসের কারণে উচ্চ সতর্কতা জারি রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৫০টির বেশি কৃষি ও বনভূমিতে আগুন ছড়িয়ে পড়লেও অধিকাংশ আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। পূর্ব ইউরোপেও পরিস্থিতি উদ্বেগজনক। ক্রোয়েশিয়ার ডুগি ওটোক দ্বীপে শতাধিক অগ্নিনির্বাপণকর্মী ও দুটি পানি ছিটানো উড়োজাহাজ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সার্বিয়ায় বেলগ্রেডের কাছে দেলিব্লাতস্কা জাতীয় উদ্যানে প্রায় ২৫ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে। দেশটির বিভিন্ন এলাকায় আরও প্রায় ২৫টি বনাঞ্চলের আগুনের সঙ্গে লড়াই করছে কর্তৃপক্ষ। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন জানিয়েছেন, পুরো ইউরোপ বর্তমানে উচ্চ দাবানল সতর্কতার মধ্যে রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস উপগ্রহ স্পেন, আলবেনিয়া, গ্রিস, ফ্রান্স, জার্মানি ও সার্বিয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণ ও জরুরি সহায়তায় কাজ করছে। আক্রান্ত দেশগুলোকে সহায়তা দিতে ইউরোপীয় ইউনিয়নের বেসামরিক সুরক্ষা ব্যবস্থা প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।