প্রকাশ: ... | ... | ...

হাজি-ওমরাহ পালনকারীদের জন্য মসজিদুল হারামে নতুন স্মার্ট সেবা


সংযুক্ত ছবি

হাজি-ওমরাহ পালনকারীদের জন্য মসজিদুল হারামে নতুন স্মার্ট সেবা | ছবি: সংগৃহীত

পবিত্র মক্কার মসজিদুল হারামে হাজি ও ওমরাহ পালনকারীদের জন্য চালু হয়েছে নতুন স্মার্ট ডিজিটাল সেবা। এখন কিউআর কোড স্ক্যান করেই তাওয়াফের স্থান মাতাফ এবং সাফা-মারওয়ার মধ্যবর্তী সাঈর পথ মাসআর জনসমাগমের সর্বশেষ পরিস্থিতি জানা যাবে। গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষের উদ্যোগে চালু হওয়া এই সেবার মাধ্যমে ইবাদতকারীরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট এলাকাগুলোর ভিড়ের অবস্থা জানতে পারবেন। কিউআর কোড স্ক্যান করার পর ব্যবহারকারীরা লাইভ জনসমাগমের তথ্য দেখতে পারবেন। ফলে তুলনামূলক কম ভিড়ের সময় বেছে নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী বিকল্প চলাচলের পথ ব্যবহারের সুযোগ তৈরি হবে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই সেবা শুধু ভিড়ের তথ্য দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। ইবাদতকারীদের চলাচল আরও সুশৃঙ্খল ও নিরাপদ করতে প্রয়োজনীয় স্মার্ট নির্দেশনাও দেওয়া হবে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো মুসলিম হজ ও ওমরাহ পালন করতে সৌদি আরবে যান। বিপুলসংখ্যক ইবাদতকারীর উপস্থিতিতে তাওয়াফ ও সাঈ পরিচালনা এবং নিরাপদ চলাচল নিশ্চিত করা কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ। নতুন প্রযুক্তিনির্ভর সেবাটি সেই ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। সৌদি আরবের স্মার্ট হজ ও ওমরাহ ব্যবস্থাপনা পরিকল্পনার অংশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল মনিটরিং ও আধুনিক প্রযুক্তির ব্যবহার ক্রমেই বাড়ানো হচ্ছে। এর আগে হজ ও ওমরাহ সেবায় নুসুক অ্যাপ, উন্নত ভিড় ব্যবস্থাপনা প্রযুক্তি, বহুভাষিক খুতবার অনুবাদ এবং স্মার্ট গাইডেন্সসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালু করেছে সৌদি কর্তৃপক্ষ। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন কিউআর কোডভিত্তিক সেবাটি মসজিদুল হারামে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার ধারাবাহিক উন্নয়নের অংশ। কর্তৃপক্ষের প্রত্যাশা, নতুন এই ব্যবস্থা ইবাদতকারীদের সময় সাশ্রয়, নিরাপদ চলাচল এবং আরও স্বাচ্ছন্দ্যের সঙ্গে তাওয়াফ ও সাঈ সম্পন্ন করতে সহায়তা করবে।