প্রকাশ: ... | ... | ...

উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হেরে বাছাই শুরু বাংলাদেশের


সংযুক্ত ছবি

উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হেরে বাছাই শুরু বাংলাদেশের | ছবি: সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে হতাশাজনক হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশের যুবারা। তাসখন্দের দস্তলিক স্টেডিয়ামে শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় উজবেকিস্তান। তবে বাংলাদেশের গোলরক্ষক রাজ চৌধুরীর দৃঢ়তায় প্রথম দিকে গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা। অবশেষে ম্যাচের ২০ মিনিটে বাংলাদেশের প্রতিরোধ ভাঙে উজবেকিস্তান। আসিলবেকের নেওয়া শট বাংলাদেশের রক্ষণে লেগে সাইদালিয়েভের সামনে গেলে সুযোগটি কাজে লাগান তিনি। তাঁর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় এক গোলের ঘাটতি নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর আশা ছিল বাংলাদেশের। কিন্তু বিরতির পর মাঠে ফিরেই সেই আশা বড় ধাক্কা খায়। ৪৬ মিনিটে সাইদালিয়েভের ক্রস থেকে হেডে গোল করেন কুভোনচবেক। এতে ব্যবধান দাঁড়ায় ২-০। এরপর গোল শোধ করতে মরিয়া হয়ে চেষ্টা চালায় বাংলাদেশের যুবারা। কিন্তু উজবেকিস্তানের শক্ত রক্ষণ ভেদ করে গোলের সুযোগ তৈরি করতে পারেনি তারা। বরং ৭৫ মিনিটে তৃতীয় গোলের কাছাকাছি চলে যায় স্বাগতিকরা। দিলশোধবেকভের জোরালো শট ক্রসবারের ওপর দিয়ে গেলে বড় বিপদ থেকে রক্ষা পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে উজবেকিস্তান। বাছাইয়ে বাংলাদেশের সামনে এখন ঘুরে দাঁড়ানোর সুযোগ। আগামী বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ১-০ গোলে হেরেছে সিরিয়া। এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে জায়গা পেতে বাছাইপর্বের আট গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা সাত রানার্সআপ দল টিকিট পাবে। তাই প্রথম ম্যাচে হারলেও পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়িয়ে মূল পর্বে খেলার আশা ধরে রাখতে চাইবে বাংলাদেশ।