প্রকাশ: ... | ... | ...

খেলার নেশায় কাজে অনুপস্থিতি, বিশ্ব অর্থনীতিতে বিলিয়ন ডলারের ক্ষতি


সংযুক্ত ছবি

খেলার নেশায় কাজে অনুপস্থিতি, বিশ্ব অর্থনীতিতে বিলিয়ন ডলারের ক্ষতি | ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপকে বলা হয় ‘গ্রেটেস্ট শো অন আর্থ’। তবে কোটি কোটি মানুষের এই উন্মাদনার প্রভাব শুধু মাঠেই নয়, পড়ছে বিশ্ব অর্থনীতিতেও। একাধিক গবেষণা বলছে, বিশ্বকাপের কারণে উৎপাদনশীলতায় বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে। মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন ফুটবল বিশ্বকাপ। প্রিয় দলের খেলা দেখতে অনেকে অফিস থেকে আগেভাগে বের হয়েছেন, কেউ দেরিতে কাজে যোগ দিয়েছেন, আবার কেউ পুরো দিনই ছুটি নিয়েছেন। এর প্রভাব পড়েছে উৎপাদনশীলতায়। হিউম্যান রিসোর্স সফটওয়্যার প্রতিষ্ঠান ইউকেজি–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এবারের বিশ্বকাপের কারণে শুধু যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেই উৎপাদনশীলতার ক্ষতি হতে পারে প্রায় ১১ দশমিক ৭ বিলিয়ন ডলার। আর বিশ্বব্যাপী এই ক্ষতির পরিমাণ ১৭ বিলিয়ন ডলারেরও বেশি হতে পারে। কর্মক্ষেত্র ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এনভয় জানিয়েছে, বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্র বিদায় নেওয়ার পরদিন, অর্থাৎ ৭ জুলাই, দেশটির বিভিন্ন অফিসে কর্মীদের উপস্থিতি ২৬ শতাংশ কমে যায়। একই দিনে ক্লায়েন্ট মিটিং, সাক্ষাৎকার ও অন্যান্য ব্যবসায়িক কার্যক্রমও কমে যায় ৩২ শতাংশ। প্রতিষ্ঠানটি দিনটিকে নাম দিয়েছে ‘নকআউট মঙ্গলবার’। অবশ্য আয়োজক দেশ যুক্তরাষ্ট্র টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর ফুটবল নিয়ে দেশটিতে আগ্রহ কিছুটা কমেছে। ফলে কর্মক্ষেত্রে উপস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে। এদিকে, আগামীকাল নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালের মাধ্যমে শেষ হবে প্রায় দেড় মাসের এই ফুটবল উৎসব। বিশ্লেষকদের ধারণা, ফাইনালের পরদিনও কর্মক্ষেত্রে উপস্থিতি কিছুটা কমতে পারে, তবে তা আগের তুলনায় অনেক কম হবে। ফুটবল বিশ্বকাপ মাঠে যেমন আবেগ আর উত্তেজনা ছড়ায়, তেমনি এর প্রভাব পড়ে বৈশ্বিক অর্থনীতি ও কর্মসংস্কৃতিতেও। তাই বিশ্বকাপ শেষ হলেও এর অর্থনৈতিক হিসাব-নিকাশ চলবে আরও কিছুদিন।