প্রকাশ: ... | ... | ...

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ


সংযুক্ত ছবি

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ | ছবি: সংগৃহীত

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে দারুণ সাফল্য দেখাচ্ছে বাংলাদেশ দল। সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। একদিনে দুটি নকআউট ম্যাচে জয় তুলে নিয়ে শেষ আটে পৌঁছেছে কোচ আকবর হোসেন রিদনের শিষ্যরা। বুধবার আজারবাইজানের রাজধানী বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে ‘ই’ টায়ারের শেষ ষোলোর ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয় বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র থাকায় ম্যাচের ভাগ্য নির্ধারণে গড়ায় টাইব্রেকার। সেখানে স্নায়ুচাপ সামলে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশের কিশোর ফুটবলাররা। এর আগে একই দিনে শেষ বত্রিশের ম্যাচে সিশেলসের বিপক্ষেও টাইব্রেকারে জয় পায় বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হলে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় তুলে নেয় দলটি। ফলে একদিনে টানা দুটি নকআউট ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠে নতুন আত্মবিশ্বাস পেয়েছে বাংলাদেশের তরুণ ফুটবলাররা। শেষ আটে বাংলাদেশের প্রতিপক্ষ মন্টেনেগ্রো। গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় পেলে সেমিফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে গ্রুপ পর্বে ‘জি’ গ্রুপে পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি, বুরুন্ডি ও ওয়েলসের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। পর্তুগাল ও বুরুন্ডির কাছে হারলেও ওয়েলস ও ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করে দলটি। আর ফিজির বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় তারা। সব মিলিয়ে এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়েছে বাংলাদেশ। ফিফা আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী আসরে অংশ নিচ্ছে ১৯১টি দেশের বয়সভিত্তিক দল। প্রতিটি দলে আটজন করে ফুটবলার নিয়ে ৬৮ বাই ৪৮ মিটার মাপের ছোট মাঠে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচ। খেলা হচ্ছে ২০ মিনিটের দুই অর্ধে, অর্থাৎ প্রতিটি ম্যাচের নির্ধারিত সময় ৪০ মিনিট। সিঙ্গাপুর ও সিশেলসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে বাংলাদেশের কিশোর ফুটবলাররা এখন নতুন চ্যালেঞ্জের সামনে। মন্টেনেগ্রোর বিপক্ষে শেষ আটের লড়াইয়ে জয় ধরে রেখে সেমিফাইনালে ওঠার স্বপ্ন দেখছে দলটি। বাংলাদেশের এই সাফল্যে দেশের ফুটবলপ্রেমীদের প্রত্যাশাও বেড়েছে।