বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় ইংল্যান্ডে বেড়ে ওঠা ফারহান | ছবি: সংগৃহীত
স্বপ্ন ছোঁয়ার অপেক্ষায় ফারহান আলী ওয়াহিদ। প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা এই তরুণ উইঙ্গার। আসিয়ান কাপে বাংলাদেশের হয়ে অভিষেকের অপেক্ষায় রোমাঞ্চিত ১৯ বছর বয়সী ফারহান। টুর্নামেন্ট খেলতে ইন্দোনেশিয়ায় যাওয়ার আগে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি জানিয়েছেন, দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ তার জন্য বিশেষ কিছু। ফারহান বলেন, নিজের দেশ নিজের জাতি এবং নিজের ব্যাকগ্রাউন্ডকে প্রতিনিধিত্ব করা তার জন্য অত্যন্ত রোমাঞ্চকর। একই সঙ্গে বাংলাদেশের সমর্থকদের কাছ থেকে পাওয়া ভালোবাসায়ও মুগ্ধ তিনি। বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে। অনূর্ধ্ব-১২ পর্যায়ে চেলসির একাডেমি থেকে ফুলহামের একাডেমিতে যোগ দেন তিনি। এরপর ফুলহামের বয়সভিত্তিক দল পেরিয়ে অনূর্ধ্ব-২১ দলেও খেলেছেন। গত মৌসুমে প্রিমিয়ার লিগ-২-এ ফুলহামের হয়ে ৬ গোলের পাশাপাশি ৯টি অ্যাসিস্ট করেন এই উইঙ্গার। চলতি মৌসুমে ধারে ইংল্যান্ডের পঞ্চম স্তরের ক্লাব বোরহামউডের হয়ে খেলছেন তিনি। দাদা-নানার পরিচয় সূত্রে বাংলাদেশের জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন ফারহান। তার বাবা-মায়ের জন্মও ইংল্যান্ডে। তবে পারিবারিক শেকড়ের টানে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই দেশের মানুষের ভালোবাসা পাচ্ছেন তিনি। সমর্থকদের এই ভালোবাসাকে অবিশ্বাস্য উল্লেখ করে ফারহান জানিয়েছেন, শুরুতেই এমন সমর্থন তাকে দেশের জন্য ভালো কিছু করার অনুপ্রেরণা দিচ্ছে। আগামী ২৫ সেপ্টেম্বর আসিয়ান কাপে বাংলাদেশের অভিযান শুরু হবে। প্রথম ম্যাচে প্রতিপক্ষ মালয়েশিয়া। এই ম্যাচেই ফারহানের আন্তর্জাতিক অভিষেক হতে পারে। অভিষেক হোক কিংবা না হোক দলকে জয় এনে দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী এই তরুণ। ইন্দোনেশিয়ায় দলের সঙ্গে যোগ দিতে পেরে রোমাঞ্চিত জানিয়ে তিনি আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ সেখানে গিয়ে জয়লাভ করবে। আসিয়ান কাপের গ্রুপ পর্বে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া।