প্রকাশ :: ... | ... | ...

৪ বছর পর ফেডারেশন কাপ টেবিল টেনিসে নেই চ্যাম্পিয়ন মানস


সংযুক্ত ছবি

বাংলাদেশে টেবিল টেনিসের ফেডারেশন কাপ চার বছরের বিরতির পর আবার শুরু হয়েছে। ২০২১ সালের পুরুষ একক চ্যাম্পিয়ন মানস চৌধুরি এবার অংশ নিচ্ছেন না। দীর্ঘদিনের ক্যারিয়ারে পাঁচবার ফেডারেশন কাপ জেতা মানস বলেন, “পায়ের লিগামেন্টে ব্যথার কারণে খেলতে পারছি না। ফেডারেশন কাপে নিয়মিত অংশ নিই, কিন্তু এবার খেলতে পারছি না।’’ আগামী ৭–২১ নভেম্বর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হবে ইসলামিক সলিডারিটি গেমস। বাংলাদেশ টেবিল টেনিস দল ৫ নভেম্বর ঢাকা ছাড়বে। এই গেমসের প্রস্তুতি হিসেবে ৩১ অক্টোবর থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফেডারেশন কাপ। পুরুষদের ৩৩টি দল ও মেয়েদের ৯টি দল অংশ নিচ্ছে, মোট ১৫৯ জন পুরুষ এবং ৩৪ জন নারী খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। খেলা হবে পুরুষ ও নারী একক ও দলগত—মোট চারটি ইভেন্টে। খেলোয়াড় জাভেদ আহমেদ বলেন, “ফেডারেশন কাপ ইসলামিক গেমসের আগে ভালো প্রস্তুতি। টাফ ম্যাচ খেলে আমরা আরও স্বাচ্ছন্দ্যে খেলতে পারব। টুর্নামেন্ট থেকে বুঝতে পারব আমাদের উন্নতি কতটা।” অন্য খেলোয়াড় রামহিম লিয়ন বম বলেন, “নতুন কমিটিকে ধন্যবাদ। আরও টুর্নামেন্ট হলে খেলোয়াড়রা আরও ভালো প্রস্তুতি নিতে পারবে। আশা করি এবার ইসলামিক গেমসের সেমিফাইনালে খেলব।”