আগামী সংসদ অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন: বিদ্যুৎমন্ত্রী | ছবি: সংগৃহীত
আগামী জাতীয় সংসদ অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনসংক্রান্ত আইন পাস হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। দেশে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে সরকার বিশেষ অগ্রাধিকার দিচ্ছে বলেও জানিয়েছেন তিনি। শনিবার রাজধানীতে নিউএইজ পত্রিকা আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বিদ্যুৎমন্ত্রী। মন্ত্রী জানান, সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণে স্থানীয় সরকার, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে ভালুকায় ডোমেস্টিক রুফটপ সোলার কর্মসূচি চালু করেছে সরকার। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে ৮ হাজার ৬০০ সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্ত করা হয়েছে। বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি ও বিদ্যুৎ সংকট রাতারাতি সমাধান সম্ভব নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার। গ্যাসের ঘাটতি মোকাবিলায় আরও ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। দেশের চাহিদা বিবেচনায় নতুন টার্মিনাল স্থাপন করা হবে। এদিকে সৌরবিদ্যুতের প্যানেল ও অন্যান্য সরঞ্জামের গুণগত মান নিশ্চিত করতে বাজারে বিশেষ নজরদারি থাকবে বলে জানিয়েছেন মন্ত্রী। তাঁর মতে, সৌরবিদ্যুতের সম্প্রসারণের মাধ্যমে দেশে নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। সরকারের লক্ষ্য, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং নাগরিকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা।