প্রকাশ: ... | ... | ...

আজ বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন


সংযুক্ত ছবি

বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, গুলশানের বাসভবনে উঠছেন আজ | ছবি: সংগৃহীত

স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর আজ রোববার বিকেলে বঙ্গভবন ছাড়ছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর তিনি সপরিবারে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠবেন। বঙ্গভবনের একাধিক সূত্র জানিয়েছে, ইতোমধ্যে তার নতুন বাসভবনের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গত শুক্রবার স্বাস্থ্যগত জটিলতার কথা উল্লেখ করে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্রে তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতা এবং সাম্প্রতিক বাইপাস সার্জারির পর ‘অটোনোমিক নিউরোপ্যাথি’ রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি উল্লেখ করেন। এই জটিলতার কারণে তিনি মাঝে-মধ্যে অল্প সময়ের জন্য অচেতন হয়ে পড়েন বলেও জানান। ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন মো. সাহাবুদ্দিন। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই স্বাস্থ্যগত কারণে দায়িত্ব ছাড়তে হয়েছে তাকে। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। তিনি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করলেও বাস করবেন সংসদ ভবন এলাকায় স্পিকারের সরকারি বাসভবনে। এদিকে, বঙ্গভবনে দায়িত্ব হস্তান্তর ও নিরাপত্তা ব্যবস্থা ইতোমধ্যে জোরদার করা হয়েছে। রাষ্ট্রপতির কার্যালয়ের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।