প্রকাশ: ... | ... | ...

আলজেরিয়ার প্রেসিডেন্টকে শফিকুর রহমানের চিঠি


সংযুক্ত ছবি

আলজেরিয়ার প্রেসিডেন্টকে শফিকুর রহমানের চিঠি | ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে কূটনৈতিক যোগাযোগ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ লক্ষ্যে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেবুনের কাছে চিঠি পাঠিয়েছেন তিনি। রোববার, ১ নভেম্বর, সন্ধ্যায় রাজধানীর নিকুঞ্জে অবস্থিত লে মেরিডিয়ান হোটেলে আলজেরিয়ার ৭২তম বিপ্লব বার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে চিঠিটি হস্তান্তর করা হয়। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির কাছে চিঠিটি হস্তান্তর করেন। আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি ও তাঁর সহধর্মিণী মিসেস মেরিয়েম সাইদানির আয়োজনে হোটেলটির স্কাই বলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ডা. শফিকুর রহমানের পাঠানো চিঠিতে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে বিদ্যমান কূটনৈতিক যোগাযোগ, পারস্পরিক সৌহার্দ্য এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। চিঠি হস্তান্তরের এ উদ্যোগকে দুই দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক বৃদ্ধিতে জামায়াতে ইসলামীর আগ্রহের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুরুন্নিছা সিদ্দিকা, মারজিয়া বেগম, নাজমুন্নাহার নীলু ও সাবিকুন্নাহার মুন্নিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের উদ্যোগ বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ যোগাযোগ আরও সম্প্রসারণে ভূমিকা রাখবে।