প্রকাশ: ... | ... | ...

এক অ্যাপেই জেলা প্রশাসনের সব সেবা, চালু হলো ‘হ্যালো ডিসি’


সংযুক্ত ছবি

এক অ্যাপেই জেলা প্রশাসনের সব সেবা, চালু হলো ‘হ্যালো ডিসি’ | ছবি: সংগৃহীত

ঢাকা জেলা প্রশাসনের নাগরিক সেবাকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে চালু হয়েছে নতুন মোবাইল অ্যাপ ‘হ্যালো ডিসি’। এখন থেকে ঘরে বসেই ভূমি, লাইসেন্স, অভিযোগ, আবেদন, ত্রাণ, সামাজিক নিরাপত্তাসহ জেলা প্রশাসনের বিভিন্ন সেবা এক প্ল্যাটফর্মে পাবেন নাগরিকরা। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে অ্যাপটি hellodc.bd থেকে ডাউনলোড করা যাবে। গুগল প্লে স্টোর ও অ্যাপল স্টোরে অনুমোদন শেষে সেখান থেকেও এটি ব্যবহার করা যাবে। এছাড়া জেলা প্রশাসনের ফেসবুক পেজ থেকেও অ্যাপটি ডাউনলোডের সুযোগ থাকবে। জেলা প্রশাসন জানিয়েছে, অ্যাপের মাধ্যমে সরাসরি অভিযোগ, আবেদন ও পরামর্শ পাঠানো যাবে। পাশাপাশি আবেদন বা অভিযোগের অগ্রগতিও অনলাইনে পর্যবেক্ষণ করা যাবে। জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের অ্যাপয়েন্টমেন্ট, এনজিও ও লাইসেন্সিং সেবা, মিউটেশন, অর্পিত সম্পত্তি এবং বিভিন্ন নাগরিক সহায়তাও মিলবে এই এক অ্যাপেই। এছাড়া নাগরিকদের জন্য সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ০১৯৬১৬০৬০৬০ নম্বরে সরাসরি কল করার ব্যবস্থাও রাখা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের মাধ্যমে নাগরিকদের সময়, খরচ ও হয়রানি কমবে এবং জেলা প্রশাসনের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি আরও বাড়বে। ঢাকার বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, ‘হ্যালো ডিসি’ নাগরিক সেবাকে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করতে একটি সময়োপযোগী উদ্যোগ। ভবিষ্যতে আরও নতুন সেবা যুক্ত করে এটিকে জেলা প্রশাসনের সমন্বিত ডিজিটাল সেবা প্ল্যাটফর্মে পরিণত করা হবে।