একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন | ছবি: সংগৃহীত
দেশের উন্নয়ন ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি—একনেকের সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা। প্রকল্প ঋণ থেকে আসবে ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা। আর সংস্থার নিজস্ব অর্থায়ন রয়েছে ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা। অনুমোদিত ১০টি প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প পাঁচটি, সংশোধিত চারটি এবং একটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প। এ ছাড়া দেশের আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধন অনুমোদন পেয়েছে। যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল এবং আনুষঙ্গিক ভবন নির্মাণ প্রকল্পও রয়েছে অনুমোদনের তালিকায়। পাশাপাশি জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্পের দ্বিতীয় সংশোধন অনুমোদন দেওয়া হয়েছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নেও গুরুত্ব দিয়েছে সরকার। এর আওতায় চট্টগ্রাম ও কক্সবাজার জেলা এবং নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে। এদিকে ৫০ কোটি টাকার কম ব্যয়সংবলিত আরও সাতটি অনুমোদিত প্রকল্প সম্পর্কে একনেক সভাকে অবহিত করেন পরিকল্পনামন্ত্রী। এসব প্রকল্পের মধ্যে রয়েছে চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসন, বন্যা-পরবর্তী পুনর্গঠন, মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, উদ্ভিদ সংগনিরোধ ল্যাবরেটরির আধুনিকায়ন, ভেনম রিসার্চ সেন্টার শক্তিশালীকরণ এবং পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন। সব মিলিয়ে স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, জ্বালানি ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নতুন গতি আনতে একনেকের এই অনুমোদনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।