গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান | ছবি: সংগৃহীত
গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা পেট্রোবাংলা। শনিবার এক বার্তায় পেট্রোবাংলা জানিয়েছে, বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা নেই। সংস্থাটি জানায়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধির খবর প্রকাশিত হওয়ায় জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পেট্রোবাংলা সংশ্লিষ্ট সব পক্ষকে এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, ভবিষ্যতে গ্যাসের মূল্য সমন্বয় নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। দেশে দীর্ঘদিন ধরে জ্বালানি খাতে আমদানিনির্ভরতা বাড়ছে। দেশীয় গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন কমে যাওয়ায় চাহিদা পূরণে ব্যয়বহুল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করতে হচ্ছে। এতে গ্যাস খাতে সরকারের আর্থিক চাপও বাড়ছে। এরই মধ্যে এলএনজি সরবরাহে বিঘ্ন, গ্যাস সংকট এবং জ্বালানি খাতের আর্থিক পরিস্থিতি নিয়ে আলোচনা চলছিল। এর মধ্যেই গ্যাসের দাম বাড়তে পারে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে পেট্রোবাংলার সর্বশেষ বক্তব্যে আপাতত গ্যাসের দাম বাড়ানোর সম্ভাবনা নিয়ে তৈরি হওয়া আলোচনা ও উদ্বেগের অবসান হলো।