চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী | ছবি: সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন এলাকাসহ সারাদেশে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শনিবার রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শান্তিনগরে হামলার শিকার চিকিৎসক অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী জানান, গত ১৭ আগস্ট রাতে শান্তিনগরে চেম্বার থেকে বের হওয়ার সময় সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের হামলায় গুরুতর আহত হন ডা. আসাদুর রহমান। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই চক্রটির সাত সদস্যের মধ্যে মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বড় হাসপাতাল, খ্যাতিমান চিকিৎসক, প্রকৌশলী ও ধনাঢ্য পেশাজীবীদের টার্গেট করে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করাই ছিল চক্রটির উদ্দেশ্য। এ ধরনের চাঁদাবাজি কোনোভাবেই সহ্য করা হবে না। চাঁদাবাজি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, শুধু অপরাধীদের তালিকা নয়, চাঁদাবাজদের সঙ্গে পুলিশের কোনো সদস্য জড়িত বা সহযোগিতা করলে তাদের তালিকাও করা হচ্ছে। অপরাধী কিংবা তাদের মদদদাতা যত প্রভাবশালীই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না। চিকিৎসকসহ পেশাজীবীদের নিরাপত্তা জোরদারে দেশের ৫০০টি হাসপাতালে ১০ জন করে আনসার সদস্য মোতায়েনের কথাও জানান মন্ত্রী। একই চাঁদাবাজ চক্রের হুমকির শিকার আরেক চিকিৎসক ডা. এ কে এম আমিনুল হকের সঙ্গেও পরে সাক্ষাৎ করেন তিনি।