প্রকাশ: ... | ... | ...

চুপ্পুর বিদায়ের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের কাউন্টডাউন শুরু


সংযুক্ত ছবি

চুপ্পুর বিদায়ের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের কাউন্টডাউন শুরু | ছবি: সংগৃহীত

দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সাংবিধানিক প্রক্রিয়ায় নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।নির্বাচন কমিশন জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুযায়ী পুরো নির্বাচন পরিচালিত হবে। প্রধান নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন এবং জাতীয় সংসদের সদস্যরাই এই নির্বাচনের ভোটার হিসেবে অংশ নেবেন। এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে আগে থেকেই নানা আলোচনা চলছিল। স্বাস্থ্যগত জটিলতার কারণে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। হৃদরোগ, নিউরোলজিক্যাল সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি এবং চিকিৎসকদের পরামর্শেই পদত্যাগের সিদ্ধান্ত নেন। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জমা দেন। আর ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটার তালিকা চূড়ান্ত করার পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। একাধিক প্রার্থী থাকলে জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, আর একক প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। এদিকে নতুন রাষ্ট্রপতি কে হবেন, তা নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনের নাম আলোচনায় থাকলেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। সাংবিধানিক বিধান অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যেই দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।