প্রকাশ: ... | ... | ...

জবিতে ছাত্রলীগ-আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তা আটক


সংযুক্ত ছবি

জবিতে ছাত্রলীগ-আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তা আটক | ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে আটক করে প্রক্টর অফিসে হস্তান্তর করেছেন শাখা ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় কর্মকর্তাদের মারধরের অভিযোগও উঠেছে। আটক কর্মকর্তারা হলেন, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি। এদিকে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতিও জব্দ করেন আন্দোলনকারী সংগঠনের নেতাকর্মীরা। ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাদের দাবি, নিষিদ্ধ সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং দেশব্যাপী নাশকতা ও অগ্নিসংযোগের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতেই এ অভিযান চালানো হয়েছে। ছাত্রশক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহীন মিয়া বলেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং এখনো সক্রিয় ব্যক্তিদের সঙ্গে কোনো আপস করা হবে না। অভিযানে চিহ্নিত কয়েকজন নেতাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা গত কয়েক দিন ধরে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন। আওয়ামী লীগ ও ছাত্রলীগের পদধারী কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার দাবিও করেন তিনি। এসব অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান ছাত্রদলের এই নেতা। তবে পুরো বিষয়টি যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাসির আহমাদ। তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাঁচ কর্মকর্তাকে আটকের ঘটনা এবং তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তৈরি হয়েছে আলোচনা। অভিযোগের সত্যতা যাচাই এবং আইনানুগ প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা গ্রহণ এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনে গুরুত্বপূর্ণ বিষয়।