জাতিসংঘ অধিবেশনে প্রথমবার বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে নোট ভার্বাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে নিয়ে নয় দিনের সফরের প্রস্তুতি চলছে। সরকারপ্রধান হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে অবস্থানকালে সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন পার্শ্ব বৈঠক ও আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জাতিসংঘ অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের অংশগ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে। সেখানে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ও তুলে ধরতে পারেন প্রধানমন্ত্রী। নিউইয়র্ক সফর শেষে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো যাওয়ার কথা রয়েছে। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে মালয়েশিয়া ও চীন সফর করেছেন। এরই ধারাবাহিকতায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রথম অংশগ্রহণকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।