প্রকাশ: ... | ... | ...

জাতিসংঘ মিশনে যাচ্ছে ১২৫ সদস্যের বাংলাদেশি পুলিশ ইউনিট


সংযুক্ত ছবি

জাতিসংঘ মিশনে যাচ্ছে ১২৫ সদস্যের বাংলাদেশি পুলিশ ইউনিট | ছবি: সংগৃহীত

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আগামী দুই মাসের মধ্যে ১২৫ সদস্যের একটি ‘ফর্মড পুলিশ ইউনিট’ (এফপিইউ) এবং একটি সোয়াট প্লাটুন পাঠানোর প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ পুলিশ। এ লক্ষ্যে প্রয়োজনীয় যানবাহন, সরঞ্জাম ও অন্যান্য সামগ্রী প্রস্তুত ও যাচাই করতে ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের ইন্টারনাল অপারেশনস শাখা থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, জাতিসংঘ শান্তিরক্ষা বিভাগের ‘পিসকিপিং ক্যাপাবিলিটি রেডিনেস সিস্টেম’-এর আওতায় বাংলাদেশ পুলিশকে এই ইউনিট পাঠাতে হবে। এ কারণে এফপিইউ ও সোয়াট প্লাটুনের জন্য প্রয়োজনীয় সব ধরনের মালামাল ও প্রযুক্তিগত সরঞ্জাম প্রস্তুত রয়েছে কি না, তা পরীক্ষা করে চূড়ান্ত প্রস্তুতি নিশ্চিত করবে গঠিত কমিটি। কমিটির সভাপতি করা হয়েছে বাংলাদেশ পুলিশের ডিআইজি (ফিন্যান্স) মো. আতিকুর রহমানকে। সদস্য হিসেবে রয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি নাছিমা আক্তার, আশরাফুজ্জামান ও মো. আব্দুল্লাহ আল-মামুন। এ ছাড়া কমিটিতে রয়েছেন কেপিএইচের পুলিশ সুপার মো. হুমায়ুন কবির, পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি এ.এইচ.এম. ইয়াহদুল ইসলাম ও ড. মাসুরা বেগম, পুলিশ টেলিকমের পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহ এবং ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. জাহেদ পারভেজ চৌধুরী। আদেশ অনুযায়ী, কমিটি মিশনে ব্যবহারের জন্য নির্ধারিত যানবাহন, প্রধান সরঞ্জাম ও প্রয়োজনীয় সামগ্রী পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করবে। পাশাপাশি আগামী দুই মাসের মধ্যে প্রয়োজনীয় নতুন সরঞ্জাম কেনা ও সংগ্রহের প্রক্রিয়াও শুরু করবে। জাতিসংঘের প্রতিনিধিদের পরিদর্শনের জন্য আগাম প্রস্তুতি নেওয়া, মিশনে পাঠানোর জন্য সব মালামালের পূর্ণাঙ্গ তালিকা বা কার্গো লোড লিস্ট তৈরি এবং পুলিশ সদস্যদের বিশেষ সোয়াট প্রশিক্ষণের মাধ্যমে মেধার ভিত্তিতে মূল বাহিনীতে অন্তর্ভুক্ত করার দায়িত্বও দেওয়া হয়েছে কমিটিকে। পুলিশ মহাপরিদর্শক মো. আলি হোসেন ফকিরের অনুমোদনে জারি করা আদেশে স্বাক্ষর করেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল্লাহ আল-মামুন।