জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর | ছবি: সংগৃহীত
সরকারি ও বিরোধী দলের মধ্যে মতভিন্নতা থাকলেও কোনো শত্রুতা থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির পরিবর্তে দেশে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠিত হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করা হবে। বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, বাংলাদেশ যেন আর কখনো ফ্যাসিবাদ বা স্বৈরাচারের কবলে না পড়ে এবং কোনো তাঁবেদারি রাষ্ট্রে পরিণত না হয়—সে বিষয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে ঐক্য অটুট রাখতে হবে। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রধানমন্ত্রী বলেন, “সংসদের রীতি অনুযায়ী আমাদের মধ্যে মতভিন্নতা থাকবে, তবে শত্রুতা নয়। প্রতিহিংসা ও প্রতিশোধের পরিবর্তে থাকবে ন্যায়পরায়ণতা। বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে জাতীয় ঐক্য অক্ষুণ্ন রাখতে হবে।” তারেক রহমান আরও বলেন, দীর্ঘদিনের দুর্নীতি, দুঃশাসন ও ফ্যাসিবাদের কারণে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোর পাশাপাশি ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক এবং পারিবারিক মূল্যবোধও ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব মূল্যবোধ পুনরুদ্ধারকে সময়ের দাবি উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে পারিবারিক মূল্যবোধ ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী শৈশবের পরিচিত ছড়া—“সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি”—উদ্ধৃত করে বলেন, এই শিক্ষা ও নৈতিকতাকে সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ফিরিয়ে আনতে হবে। তাঁর ভাষায়, একটি শক্তিশালী, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনে নৈতিক মূল্যবোধের বিকল্প নেই।