জুনিয়র কনসালটেন্ট নিয়োগে সংসদীয় সাব-কমিটির বৈঠক | ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৬ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় সংসদ গ্রন্থাগারে অনুষ্ঠিত এ বৈঠকে সংসদের বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির জন্য জুনিয়র কনসালটেন্ট নিয়োগের পদ্ধতি ও যোগ্যতা নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সাব-কমিটির আহ্বায়ক সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান, সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান এবং সদস্য আখতার হোসেন অংশ নেন। বৈঠকে আউটসোর্সিংয়ের মাধ্যমে অর্থ, স্বরাষ্ট্র, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির জন্য পাঁচজন জুনিয়র কনসালটেন্ট নিয়োগের বিষয়ে আলোচনা করা হয়। নিয়োগের পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত নির্ধারণ করে একটি প্রতিবেদন মূল কমিটিতে পাঠানোর লক্ষ্যে এসব বিষয় পর্যালোচনা করা হয়। সাব-কমিটি পাঁচটি স্থায়ী কমিটির জন্য মন্ত্রণালয়ভিত্তিক পাঁচজন জুনিয়র কনসালটেন্টকে দুই বছরের চুক্তিতে নিয়োগের সুপারিশ করেছে। পাশাপাশি পরবর্তী সময়ে এসব পদে নিয়োগের মেয়াদ নবায়নের সুযোগ রাখার প্রস্তাবও দেওয়া হয়েছে। নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে তিনজন সংসদ সদস্য, একজন যুগ্ম সচিব, একজন উপসচিব অথবা পরিচালক এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের একজন বহিরাগত বিশেষজ্ঞের সমন্বয়ে নিয়োগ কমিটি গঠনের সুপারিশ করেছে সাব-কমিটি। এ ছাড়া অর্থ, স্বরাষ্ট্র, শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাশাপাশি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতেও জুনিয়র কনসালটেন্ট নিয়োগের সুপারিশ করা হয়েছে। বৈঠকে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগের পাশাপাশি জাতীয় সংসদ সচিবালয়ের নিজস্ব নিয়োগ পদ্ধতিতে এসব পদে জনবল নিয়োগ করা সম্ভব কি না, সে বিষয়েও আলোচনা হয়। বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।