জুলাই কারও একার নয়, বাংলাদেশের সব মানুষের: মৎস্য প্রতিমন্ত্রী | ছবি: সংগৃহীত
দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র ফ্যাসিবাদেরই সুবিধা করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব গণতন্ত্রকামী ও ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। বুধবার বিকেলে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরীফা হক। প্রতিমন্ত্রী টুকু বলেন, জুলাই কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের নয়, এটি বাংলাদেশের সব মানুষের। বিনা কারণে বা কোনো ইস্যু ছাড়াই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে এর সুফল পাবে স্বৈরাচারের দোসর ও ফ্যাসিবাদের অনুসারীরা। তিনি বলেন, তারা জনগণের মধ্যে বিভক্তি দেখতে চায়। তাই জুলাই গণঅভ্যুত্থানে যারা বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, তাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রসঙ্গ তুলে টুকু বলেন, ইলিয়াস আলীসহ অসংখ্য মানুষ এ সময়ে গুম হয়েছেন। আর ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। তিনি আরও বলেন, জুলাইয়ের চেতনা ছিল একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠানে টাঙ্গাইলের ১২টি উপজেলার ৩০ জন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য বক্তব্য দেন। পরে তাদের সংবর্ধনা দেওয়া হয়। এর আগে সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।