জ্বালানি সংকট দ্রুত সমাধানের সুযোগ নেই: অর্থমন্ত্রী | ছবি: সংগৃহীত
দেশের স্বাস্থ্যব্যবস্থাকে সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার। প্রাথমিকভাবে কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এর কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্য খাতে সমন্বিত তথ্যপ্রযুক্তি ব্যবস্থাসংক্রান্ত এক সভায় এ নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, সভায় ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের কাঠামো, পরিচালনা পদ্ধতি ও স্বাস্থ্যসেবায় এর ব্যবহার নিয়ে আলোচনা হয়েছে। প্রাথমিক পর্যায়ে কয়েকটি জেলায় পাইলট প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্ল্যাটফর্মটির কার্যকারিতা, সম্ভাব্য সমস্যা, ব্যয় ও বাস্তবায়নযোগ্যতা যাচাই করা হবে। পরে পাইলট প্রকল্পের ফলাফল পর্যালোচনা করে পর্যায়ক্রমে এর পরিধি বাড়ানো হবে। প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবায় তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়ে বলেন, সমন্বিত ব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে সাধারণ মানুষ সহজে এর সুফল পান এবং চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ হয়। রোগীর প্রয়োজনীয় স্বাস্থ্য তথ্য নিরাপদে সংরক্ষণ এবং প্রয়োজনের সময় সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কাছে তা সহজে পাওয়ার ব্যবস্থার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে তথ্যের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিতের পাশাপাশি প্ল্যাটফর্মটি সহজে ব্যবহারযোগ্য ও ব্যয়সাশ্রয়ী করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাইলট প্রকল্পের ফলাফল যথাযথভাবে মূল্যায়ন করে পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশও দেন তিনি।