প্রকাশ: ... | ... | ...

ডিম রপ্তানি বাড়াতে পোলট্রি খাতের উন্নয়ন জরুরি: প্রতিমন্ত্রী টুকু


সংযুক্ত ছবি

ডিম রপ্তানি বাড়াতে পোলট্রি খাতের উন্নয়ন জরুরি: প্রতিমন্ত্রী টুকু | ছবি: সংগৃহীত

দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি ডিম রপ্তানির সক্ষমতা অর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, উন্নত মানের ডিম উৎপাদন, উৎপাদন খরচ কমানো এবং পোলট্রি খাতের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মঙ্গলবার সকালে রাজধানীর ফার্মগেটের তুলা ভবন মিলনায়তনে বিশ্ব ডিম দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, এ বছর প্রথমবারের মতো নাইজেরিয়ায় বাংলাদেশের হ্যাচিং ডিম রপ্তানি করা হয়েছে। তাঁর মতে, উন্নত মানের পণ্য উৎপাদন নিশ্চিত করা গেলে দেশের চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক বাজারেও ডিম রপ্তানির সুযোগ বাড়বে। এতে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। পোলট্রি খাতের উৎপাদন ব্যয় কমানোর ওপর গুরুত্ব দিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এ খাতের উন্নয়নে ফিডের দাম সহনীয় পর্যায়ে রাখা জরুরি। পাশাপাশি ফিডে কোনোভাবেই অ্যান্টিবায়োটিক ব্যবহার না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। ডিমের পুষ্টিগুণ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, কম খরচে ডিম থেকে প্রোটিন পাওয়া যায়। এটি সুস্বাদু ও পুষ্টিকর খাবার। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় একটি করে ডিম রাখার পরামর্শ দেন তিনি। পোলট্রি খাতে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন উদ্যোক্তা তৈরি হলে প্রান্তিক পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। এ ছাড়া গ্রামীণ নারীদের হাঁস-মুরগি পালনে উৎসাহিত করে তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি জানান, প্রান্তিক পর্যায়ে নারী উদ্যোক্তার সংখ্যা বাড়াতে সরকার কাজ করবে। একই সঙ্গে পোলট্রি খামারের বিদ্যুৎ খরচ কমাতে সৌরবিদ্যুৎ প্রকল্পের আওতায় আনার বিষয়ে সরকারি সহযোগিতার আশ্বাস দেন তিনি। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহজামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পোলট্রি শিল্পের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোলট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক ডা. বাপন দে। এর আগে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‌্যালি ও বিনামূল্যে ডিম বিতরণ করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল, ‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’।