প্রকাশ: ... | ... | ...

ডেঙ্গু শনাক্তে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ৫ লাখ র‌্যাপিড টেস্ট কিট


সংযুক্ত ছবি

ডেঙ্গু শনাক্তে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ৫ লাখ র‌্যাপিড টেস্ট কিট | ছবি: সংগৃহীত

বাংলাদেশে চলমান ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় রোগী দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় সহায়তা করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ৫ লাখ ডেঙ্গু এনএস১ র‌্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে তৈরি এসব টেস্ট কিট দেশটির সরকারের অর্থায়নে পরিচালিত স্ট্রাইডস কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশে সরবরাহ করা হয়েছে। বুধবার রাজধানীর কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে এসব টেস্ট কিট হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের শার্জ দ্য অ্যাফেয়ার্স তৃষিতা মাওলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে কিটগুলো তুলে দেন। যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাই এক বিবৃতিতে এ তথ্য জানান। অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ডা. এ. এন. এম. বজলুর রশীদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং কুর্মিটোলা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান উপস্থিত ছিলেন। কিট হস্তান্তরের পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল কুর্মিটোলা হাসপাতালের জরুরি বিভাগ, ডেঙ্গু ওয়ার্ড এবং রোগনির্ণয় পরীক্ষাগার পরিদর্শন করে। এ সময় তারা সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা দিতে দেখেন। পাশাপাশি ডেঙ্গু রোগ নির্ণয়ের সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সহায়তায় সরবরাহ করা বিভিন্ন সরঞ্জামের ব্যবহারও পর্যবেক্ষণ করেন। যুক্তরাষ্ট্র মিশনের ভাষ্য অনুযায়ী, ৫ লাখ এনএস১ র‌্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিটের এই সহায়তা বাংলাদেশ সরকারের ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনার প্রচেষ্টাকে আরও সহায়তা করবে। একই সঙ্গে এ সহযোগিতা যুক্তরাষ্ট্রের ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নেও ভূমিকা রাখছে বলে জানিয়েছে দেশটির মিশন। ডেঙ্গুর প্রকোপের মধ্যে বিপুলসংখ্যক পরীক্ষার প্রয়োজনীয়তা তৈরি হওয়ায় এই কিটগুলো রোগী শনাক্তকরণে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।