ঢাকাসহ ১৩ সিটি কর্পোরেশনে ই-রিকশা নিবন্ধন শুরু | ছবি: সংগৃহীত
ঢাকাসহ দেশের ১৩টি সিটি কর্পোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার রিকশা বা ই-রিকশা নিবন্ধনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ২ নভেম্বর থেকে নিবন্ধন কার্যক্রম শুরু করতে পারবে সিটি কর্পোরেশনগুলো। ঢাকায় ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাকে মোট আটটি জোনে ভাগ করা হবে। জোনভেদে রিকশার জন্য থাকবে আট ধরনের রং। ফলে এক জোনের রিকশা অন্য জোনে চলাচল করতে পারবে না। রোববার (১ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে নতুন ই-রিকশা চলাচল বিধিমালা-২০২৬ নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রতিমন্ত্রী জানান, ই-রিকশার নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে আট হাজার টাকা। নিবন্ধন প্লেটের জন্য দিতে হবে আরও এক হাজার টাকা। প্রতিবছর নিবন্ধন নবায়ন করতে হবে। তবে নবায়ন ফি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। নিবন্ধন নম্বর, মালিকের পরিচয়, সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন ও চলাচলের জোনের তথ্য কিউআর কোডে সংরক্ষিত থাকবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে চারটি করে মোট আটটি জোন করা হবে। প্রতিটি জোনে কতটি রিকশা চলতে পারবে, তা ট্রাফিক বিভাগ ও সিটি কর্পোরেশন যৌথভাবে নির্ধারণ করবে। যেসব সড়কে বাস চলাচল করে, সেসব সড়কে ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমানে চলাচলকারী ই-রিকশাগুলোকে নিবন্ধনের আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের অনুমোদিত নকশা অনুযায়ী সংশোধন করতে হবে। নতুন করে ই-রিকশা উৎপাদনের ক্ষেত্রেও অনুসরণ করতে হবে ওই নকশা। চালকদের জন্য আপাতত ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা হচ্ছে না। তবে নিবন্ধন কার্যক্রম কিছুটা এগিয়ে গেলে এ বিষয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হবে। পর্যায়ক্রমে চালকদের লাইসেন্সের আওতায় আনা হবে। বিধিমালায় নির্দিষ্ট স্থানে চার্জিং স্টেশন স্থাপনের নির্দেশনাও রাখা হয়েছে। সৌরবিদ্যুৎ ব্যবহার করে রিকশা চার্জের ব্যবস্থা করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া হবে। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেওয়ার বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। মীর শাহে আলম বলেন, প্রথম পর্যায়ে দেশের ১৩টি সিটি কর্পোরেশনে এ বিধিমালা কার্যকর হবে। নিবন্ধন কার্যক্রম শুরুর এক মাস পর এর অগ্রগতি জানানো হবে। পাশাপাশি মালিকপক্ষ, ট্রাফিক বিভাগ ও সিটি কর্পোরেশন আলোচনা করে কিলোমিটারপ্রতি ই-রিকশার ভাড়া নির্ধারণ করবে। নতুন বিধিমালার মাধ্যমে দীর্ঘদিন ধরে নিবন্ধন ছাড়াই চলাচল করা ব্যাটারিচালিত রিকশাগুলোকে নিয়মের আওতায় আনার পাশাপাশি নগরীর যানজট নিয়ন্ত্রণের লক্ষ্য নিয়েছে সরকার।