ঢাকা ও ৭ জেলায় বিজিবির ১০৯ প্লাটুন মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন! | ছবি: Collected
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির ১০৯ প্লাটুন সদস্য। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে আরও ৪ প্লাটুন। বৃহস্পতিবার ২৬ নভেম্বর বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন দায়িত্ব পালন করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা এবং নজরদারি জোরদার করা হয়েছে। এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণে প্রযুক্তিনির্ভর নজরদারিও বাড়িয়েছে বিজিবি সদর দপ্তর। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে সরাসরি ভিডিও চিত্র পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবি জানিয়েছে, সীমান্তের নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও সর্বোচ্চ পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে কাজ করছেন সদস্যরা। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে বিজিবি।