ঢাকা মহানগরের ইমারত বিধিমালা শক্তিশালী করতে নতুন কমিটি | ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকায় ইমারত নির্মাণ ও নগর উন্নয়ন-সংক্রান্ত বিদ্যমান আইনকে আরও কার্যকর ও সময়োপযোগী করতে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। সদস্য হিসেবে রয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। কমিটি ১৯৫২ সালের Building Construction Act এবং ১৯৫৩ সালের Town Improvement Act পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন, পরিমার্জন ও সুপারিশ প্রণয়ন করবে। সরকারের লক্ষ্য, রাজধানীতে ইমারত নির্মাণ-সংক্রান্ত বিধিমালার বাস্তবায়নের আইনি কাঠামো আরও শক্তিশালী করা এবং নগর উন্নয়ন কার্যক্রমকে আধুনিক ও কার্যকর করা। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রয়োজন হলে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী বৈঠক করবে। কমিটির সার্বিক সচিবালয় সহায়তা দেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। কমিটির সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট আইন ও বিধিমালার সংশোধনী প্রস্তাব পরবর্তীতে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।