তিন দিনে ৫৫ রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে ইসি | ছবি: সংগৃহীত
তিন দিনে দেশের ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হবে তিন দিনব্যাপী এই সংলাপ। প্রথম দিন বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ১৯টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে। মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ইসির প্রস্তুতি অনুযায়ী, ২৯ নভেম্বর প্রথম দিনের সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ১৯টি রাজনৈতিক দল অংশ নেওয়ার আমন্ত্রণ পাবে। এ তালিকায় রয়েছে জাতীয় পার্টির নামও। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এর আগে অনুষ্ঠিত সংলাপে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়নি। দ্বিতীয় দিন অর্থাৎ ৩০ নভেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১৮টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ১ ডিসেম্বর তৃতীয় ও শেষ দিনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যসহ আরও ১৮টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হতে পারে। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে এই সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে না। এ ছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে না। সব মিলিয়ে তিন দিনে ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংলাপকে ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।