প্রকাশ: ... | ... | ...

দেশে সারের সংকট নেই, মজুদ ১৩ লাখ টন: কৃষিমন্ত্রী


সংযুক্ত ছবি

দেশে সারের সংকট নেই, মজুদ ১৩ লাখ টন: কৃষিমন্ত্রী | ছবি: সংগৃহীত

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি জানিয়েছেন, বর্তমানে দেশে প্রায় ১৩ লাখ মেট্রিক টন সার মজুদ রয়েছে। পাশাপাশি আরও ৪ লাখ ৪২ হাজার ৮০০ টন সার বন্দরে ও জাহাজে পাইপলাইনে রয়েছে। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয় মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে এসব তথ্য জানান কৃষিমন্ত্রী। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। কৃষিমন্ত্রী বলেন, তিনি সরকারের বুলি আওড়াচ্ছেন না, বরং দেশের সারের প্রকৃত চিত্রই তুলে ধরছেন। তার দাবি, গত বছরের একই সময়ে দেশে প্রায় ১২ লাখ টন সার মজুদ ছিল। বর্তমানে সেই মজুদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৩ লাখ টনে। তিনি জানান, দেশে বছরে সারের মোট চাহিদা প্রায় ৪০ লাখ ২৯ হাজার মেট্রিক টন। বর্তমান মজুদ ও পাইপলাইনে থাকা সার বিবেচনায় দেশে কোনো সংকট নেই। তবে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, একটি সংঘবদ্ধ দল সার বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে। গত কয়েকদিনে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কৃষকবান্ধব সার বিতরণ নিশ্চিত করতে নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে বলেও জানান তিনি। নতুন ব্যবস্থায় প্রতি ইউনিয়নে তিনজন করে মাস্টার ডিলার রাখার বিধান করা হয়েছে। এর মধ্যে একজন বিএডিসি, একজন বিসিআইসি এবং নতুন করে আরও একজন ডিলার নিয়োগ দেওয়া হবে। সারের বাজারে অনিয়ম ও কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান কৃষিমন্ত্রী। চালের গুদাম বা ধানের মিলে অবৈধভাবে সার মজুদের ঘটনায় জড়িতদের গ্রেফতার, জরিমানা এবং ডিলারশিপ বাতিলের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া সার সরবরাহ ও বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে উপজেলা, জেলা ও মন্ত্রণালয় পর্যায়ে পৃথক মনিটরিং কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী।