প্রকাশ: ... | ... | ...

নতুন রাষ্ট্রপতি নির্বাচনে শিগগিরই তফসিল ঘোষণা করবে ইসি


সংযুক্ত ছবি

নতুন রাষ্ট্রপতি নির্বাচনে শিগগিরই তফসিল ঘোষণা করবে ইসি | ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এ নির্বাচন আয়োজনের জন্য শিগগিরই তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। শুক্রবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করা হবে। তিনি বলেন, বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে। এখন সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করবে কমিশন। ইসি কর্মকর্তারা জানান, রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুযায়ী পুরো নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হবে। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। নিয়ম অনুযায়ী, জাতীয় সংসদের সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে দায়িত্ব পালন করবেন। এজন্য দ্রুত ভোটার তালিকা প্রস্তুত ও চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তিনি আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী থাকলে নির্ধারিত দিনে জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর একক প্রার্থী হলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। ইসি সূত্র জানিয়েছে, আগামী রোববার বা পরবর্তী সময়ে কমিশনের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।